বুধবার   ১৮ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৬ ১৪৩২   ০১ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৪

বিএনপি সরকারের ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬  

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নতুন সরকারের প্রথম মন্ত্রিপরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক নীতিনির্ধারণী সভা। বৈঠকে সরকারের আগামী দিনের লক্ষ্য ও পরিচালনার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

সাধারণত নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম ১০০ দিনের একটি কর্মসূচি গ্রহণ করে। তবে তারেক রহমানের নেতৃত্বাধীন এই সরকার সেই প্রথা ভেঙে ১৮০ দিনের বা ছয় মাসের একটি বৃহত্তর কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, নির্বাচনী প্রতিশ্রুতিগুলো সময়মতো বাস্তবায়নের উদ্দেশ্যেই এই দীর্ঘমেয়াদী বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

 

সরকারের এই ১৮০ দিনের পরিকল্পনায় সাধারণ মানুষের নাভিশ্বাস তোলা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণকে সবচেয়ে বড় অগ্রাধিকার দেওয়া হয়েছে। এ ছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি করা, পণ্য সরবরাহ চেইন (সাপ্লাই চেইন) সচল রাখা এবং গ্যাস-বিদ্যুৎসহ জ্বালানি খাতে যাতে কোনো সংকট তৈরি না হয়, সেদিকে বিশেষ নজর দিতে প্রধানমন্ত্রী কঠোর নির্দেশনা দিয়েছেন।

 

 

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি মন্ত্রণালয়কে তাঁদের নিজ নিজ কাজের পরিকল্পনা দ্রুত প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। কোন মন্ত্রণালয় কোন কাজ কতদিনের মধ্যে শেষ করবে, তার একটি স্পষ্ট রোডম্যাপ থাকতে হবে। প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে, কাজের ক্ষেত্রে কোনো ধরনের শিথিলতা সহ্য করা হবে না।

 

মন্ত্রিপরিষদ বৈঠকে উপস্থিত সচিবদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, জনগণের আস্থার প্রতিফলন হিসেবেই বিএনপি আজ ক্ষমতায়। তাই নির্বাচনী ইশতেহারে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা যথাযথ সময়ে বাস্তবায়ন করতে হবে। সরকারি কর্মকর্তাদের জনবান্ধব হওয়ার এবং ইশতেহার বাস্তবায়নে সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান তিনি।

 

 

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আরও জানান, খুব শিগগিরই এই ১৮০ দিনের কর্মসূচির বিস্তারিত রূপরেখা জাতির সামনে তুলে ধরা হবে। বাজার সিন্ডিকেট ভাঙা এবং জননিরাপত্তা নিশ্চিত করাই হবে এই সরকারের প্রাথমিক সাফল্যের মাপকাঠি। ১৮০ দিনের এই ‘অ্যাকশন প্ল্যান’ সফল হলে দেশের প্রশাসনিক ও অর্থনৈতিক খাতে আমূল পরিবর্তন আসবে বলে আশা করছে নতুন সরকার।

এই বিভাগের আরো খবর