বুধবার   ১৮ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৬ ১৪৩২   ০১ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৬

১৬ দিনে ১৮০ কোটি ডলার রেমিট্যান্স, বাড়ছে রিজার্ভ

শিল্প-বাণিজ্য ডেস্ক

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬  

দেশের অর্থনীতিতে স্বস্তির খবর দিচ্ছে প্রবাসীদের পাঠানো আয় বা রেমিট্যান্স। চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ১৬ দিনেই দেশে এসেছে ১৮০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের (১৪৯ কোটি ডলার) তুলনায় এই প্রবৃদ্ধি প্রায় ২১ শতাংশ। বিশেষ করে শুধু ১৬ ফেব্রুয়ারি একদিনেই দেশে এসেছে ১৫ কোটি ২০ লাখ ডলার।

 

প্রবাসী আয় বৃদ্ধি পাওয়ায় বাজার থেকে ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক, যার সরাসরি ইতিবাচক প্রভাব পড়ছে বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভে। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বর্তমানে মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৫৩ বিলিয়ন ডলারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম ৬ পদ্ধতি অনুযায়ী এই রিজার্ভের পরিমাণ ২৯ দশমিক ৮৫ বিলিয়ন ডলার, যা গত ৭ ফেব্রুয়ারি ছিল ২৯ দশমিক ৪৭ বিলিয়ন ডলার।

 

অর্থনীতিবিদ ও ব্যাংক কর্মকর্তাদের মতে, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রেমিট্যান্স প্রবাহে এই গতি দেখা যাচ্ছে। চলতি মাসে প্রতিদিন গড়ে ১১ কোটি ২৫ লাখ ডলার করে দেশে পাঠাচ্ছেন প্রবাসীরা। গত ডিসেম্বর ও জানুয়ারি মাসেও রেমিট্যান্সের পরিমাণ ৩ বিলিয়ন ডলারের ঘর ছাড়িয়েছিল। নির্বাচনী তহবিল সংগ্রহ এবং প্রবাসীদের বাড়তি আগ্রহ এই প্রবাহ বৃদ্ধির পেছনে বড় কারণ বলে মনে করা হচ্ছে।

 

তথ্য বিশ্লেষণে দেখা যায়, যেসব দেশে বাংলাদেশি শ্রমিকের সংখ্যা বেশি, সেখান থেকেই সিংহভাগ রেমিট্যান্স আসছে। গত ৫ মাস ধরে ৩ বিলিয়ন ডলারের নিচে থাকা রেমিট্যান্স প্রবাহ ডিসেম্বরের পর থেকেই ঘুরে দাঁড়িয়েছে। জানুয়ারিতে ৩১৭ কোটি এবং ডিসেম্বরে ৩২২ কোটি ডলার আসার পর ফেব্রুয়ারিতেও সেই ধারা অব্যাহত রয়েছে।

 

বৈদেশিক মুদ্রার এই প্রবাহ দেশের আমদানি ব্যয় মেটানো এবং ডলারের বাজার স্থিতিশীল রাখতে বড় ভূমিকা রাখছে। ব্যাংকগুলো এখন আগের চেয়ে সহজে এলসি বা ঋণপত্র খুলতে পারছে। সরকারের পক্ষ থেকেও বৈধ পথে রেমিট্যান্স পাঠানোকে উৎসাহিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এই ধারা অব্যাহত থাকলে রিজার্ভের ওপর চাপ আরও কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এই বিভাগের আরো খবর