রোববার   ১৫ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৩ ১৪৩২   ২৭ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৫

পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৬  

পবিত্র রমজান মাস উপলক্ষে সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল ও অ্যাডভোকেট তানজিনা ববি লিজা। গত ৫ জানুয়ারি পুরো রমজান মাসে স্কুল বন্ধ রাখতে সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল। পরে এ বিষয়ে হাইকোর্টে রিট করেন তিনি।

 

নোটিশে বলা হয়, বাংলাদেশের অধিকাংশ নাগরিক মুসলমান। স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা আইন, প্রথা ও নীতি। সংবিধানের ৩১ অনুচ্ছারে বলা হয়েছে, আইন ছাড়া কিছুই করা যাবে না। অনুচ্ছার ১৫২(১) অনুযায়ী আইন অর্থ বাংলাদেশে আইনের ক্ষমতা সম্পন্ন যেকোনো প্রথা ও রীতি। তাই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় রমজান মাসে খোলা রাখার সরকারের সিদ্ধান্ত অসাংবিধানিক।

 

নোটিশে আরও বলা হয়, কোমলমতি শিশু-কিশোররা সারাদিন স্কুলে যাতায়াত করে, ক্লাস করে ক্লান্ত হয়ে রোজা রাখতে কষ্টের সম্মুখীন হয় এবং রোজা রাখার অভ্যাস থেকে দূরে থাকার আশঙ্কা দেখা দেয়। যা ধর্মীয় আচার চর্চার অন্তরায়। এ ছাড়া রমজান মাসে স্কুল চালু রাখলে শহরগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়, যাতে নগরবাসী চরম দুর্ভোগের শিকার হয়।

 

সম্প্রতি ২০২৬ শিক্ষাবর্ষের বার্ষিক ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগের বছরের তুলনায় ১২ দিন ছুটি কমানো হয়েছে। নতুন তালিকা অনুযায়ী, পবিত্র রমজান মাসের প্রায় পুরোটা সময় বিদ্যালয় খোলা থাকবে। ২১ রমজান পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে। মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকায়ও আগের বছরের তুলনায় ১২ দিন ছুটি কমেছে। শবে মেরাজ, জন্মাষ্টমী, আশুরাসহ বেশ কয়েকটি দিনের ছুটি বাতিল করা হয়েছে। রমজানের অর্ধেকের বেশি সময় স্কুল খোলা রাখা হবে। ১৮ রমজান পর্যন্ত মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুল খোলা থাকবে।

 

তবে সব সরকারি ও বেসরকারি কলেজের ছুটির তালিকায় ৭২ দিন ছুটি রাখা হয়েছে। এর মধ্যে পবিত্র রমজান মাসের পুরো সময় কলেজ বন্ধ থাকবে। ১৫ ফেব্রুয়ারি থেকে মাদরাসাগুলোতে রমজানের ছুটি শুরু হয়েছে। হাইকোর্টের আদেশের পর এখন নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুলগুলো রমজানে বন্ধ থাকবে। এতে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে স্বস্তি ফিরেছে। 

এই বিভাগের আরো খবর