রোববার   ১৫ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৩ ১৪৩২   ২৭ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২১

খামেনি চাইলে বৈঠক করবেন ট্রাম্প: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৬  

আয়াতুল্লাহ আলি খামেনি ও ডনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

আয়াতুল্লাহ আলি খামেনি ও ডনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

 

ইরান ইস্যুতে কূটনৈতিক সমাধানকেই অগ্রাধিকার দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী  মার্কো রুবিও। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, হোয়াইট হাউস তেহরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে চায়, যদিও সেটি সহজ হবে না।

রুবিও বলেন,

‘প্রেসিডেন্ট (ট্রাম্প) অনেকবার বলেছেন, তার পছন্দ হলো ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানো। এটা খুব কঠিন হলেও তিনি চেষ্টা করবেন। আমরা এখন সেটাই করার চেষ্টা করছি।’

 

তিনি আরও জানান, বর্তমান প্রশাসন সরাসরি সংলাপের পথ খোলা রাখতে চায়। তার ভাষায়, প্রেসিডেন্ট এমন একজন নেতা, যিনি আলোচনার জন্য দরজা বন্ধ করেন না।

রুবিও বলেন,

‘আমি যথেষ্ট আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, যদি আয়াতুল্লাহ (আলি খামেনি) আগামীকাল বলেন যে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করতে চান, তাহলে প্রেসিডেন্ট তার সঙ্গে দেখা করবেন।’

 

তবে তিনি স্পষ্ট করেন, সরাসরি বৈঠকে বসা মানেই মতৈক্য নয়। বরং জটিল বিরোধ নিষ্পত্তির জন্য মুখোমুখি আলোচনা প্রয়োজন, এমন বিশ্বাস থেকেই এই অবস্থান।

 

ইরানের সর্বোচ্চ নেতা খামেনির সঙ্গে সম্ভাব্য বৈঠকের ইঙ্গিতের পাশাপাশি ওয়াশিংটনের সামরিক অবস্থানও কঠোর থাকছে। রুবিও বলেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। তার মতে, তেহরানের হাতে পারমাণবিক সক্ষমতা এলে তা শুধু যুক্তরাষ্ট্র নয়, ইউরোপ ও গোটা অঞ্চলের নিরাপত্তার জন্যও বড় হুমকি হয়ে উঠবে।

 

মধ্যপ্রাচ্যে দ্বিতীয় বিমানবাহী রণতরী মোতায়েন প্রসঙ্গে তিনি বলেন,

‘আমরা এই অঞ্চলে আমাদের বাহিনী রাখতে চাই, কারণ ইরান অতীতে এই অঞ্চলে মার্কিন স্বার্থের ওপর একাধিকবার আঘাত করেছে।

 

তিনি আরও জানান, ইরান অতীতে মার্কিন ঘাঁটিগুলোকে হুমকি দিয়েছে এবং হামলার প্রস্তুতিও নিয়েছিল। এ কারণে সেখানে ‘যথেষ্ট সামরিক সক্ষমতা’ বজায় রাখা জরুরি, যাতে কোনো ভুল হিসাব থেকে বড় ধরনের সংঘাত তৈরি না হয়।

 

অন্যদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য কয়েক সপ্তাহব্যাপী সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। বিষয়টি সম্পর্কে অবগত দুই কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য দিয়েছেন। প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প নির্দেশ দিলেই এ অভিযান শুরু হতে পারে। পরিস্থিতি সেই পর্যায়ে গেলে তা দুই দেশের মধ্যে অতীতের যেকোনো উত্তেজনার চেয়ে বেশি গুরুতর রূপ নিতে পারে।

এই বিভাগের আরো খবর