রোববার   ১৫ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৩ ১৪৩২   ২৭ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৬

যমুনা হচ্ছে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন, তারেকের সিদ্ধান্ত চূড়ান্ত

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৬  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে। নতুন প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে—গুলশান নাকি হেয়ার রোড—তা নির্ভর করবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তের ওপর। তবে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় জানিয়েছে, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাকে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে প্রস্তুত করা হচ্ছে। একই সঙ্গে মিন্টো রোডে অবস্থিত বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনও প্রস্তুত করেছে সরকার।

 

গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী বলেন, “যমুনাকে আমরা ঠিক করবো। সব ঠিকই আছে। তবুও যদি প্রধানমন্ত্রীর কিছু চাওয়া থাকে, সেটার ব্যবস্থা করবো।” তিনি আরও বলেন, “থাকার বিষয়টা সরকারের সিদ্ধান্তের বিষয়। এখানে আমি কিছু বলতে পারবো না। সরকার যেভাবে সিদ্ধান্ত নেবে, সেভাবেই হবে।”

 

উল্লেখ্য, গণভবন এখন জুলাই স্মৃতি জাদুঘরে পরিণত হয়েছে। বিগত তিনজন তত্ত্বাবধায়ক সরকার প্রধান যমুনায় ছিলেন। গত বছরের সেপ্টেম্বরে সংসদ ভবন চত্বরে স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবনকে একীভূত করে প্রধানমন্ত্রীর বাসভবন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে সংসদ চলাকালে প্রধানমন্ত্রীর নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ডিসেম্বরে সেই সিদ্ধান্ত বাতিল হয়।

 

তারেক রহমান দীর্ঘ ১৭ বছর লন্ডনে নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে গুলশানে মায়ের বাসা ফিরোজার পাশে ১৯৬ নম্বর বাড়িতে উঠেছেন। আবাসিক এলাকায় সরকারপ্রধানের নিরাপত্তা ও সংসদ ভবনের দূরত্ব বিবেচনায় প্রধানমন্ত্রীর বাসস্থান পরিবর্তন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। হেয়ার রোডে অবস্থিত যমুনার পাশেই ২৯ নম্বর ভবন বিরোধী দলীয় নেতার জন্য নির্ধারিত। ১৯৯১-৯৬ সাল পর্যন্ত তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা এবং সবশেষ ১৯৯৬ সালে খালেদা জিয়া এই সরকারি বাসভবনে উঠেছিলেন। এরপর ২০০১ সাল থেকে এ পর্যন্ত কোনো বিরোধী দলীয় নেতা এ বাড়িতে ওঠেননি।

 

তবে নির্বাচনের আগে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা বলেছিলেন, তারা কেউ সরকারি গাড়ি-বাড়ি ব্যবহার করবেন না। নতুন সরকারের শপথ অনুষ্ঠান আগামী ১৭ ফেব্রুয়ারি। এর আগে প্রধানমন্ত্রীর বাসভবন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে ।

এই বিভাগের আরো খবর