শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ২ ১৪৩২   ২৬ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮

নির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে: খেলাফত মজলিস

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৬  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নির্বাচন-পরবর্তী প্রতিক্রিয়া জানিয়ে খেলাফত মজলিসের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক আব্দুল্লাহ ফরিদ ও সদস্যসচিব অধ্যাপক আব্দুল জলিল এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান। বিবৃতিতে নেতারা বলেন, দীর্ঘ আওয়ামী ফ্যাসিবাদী যুগের অবসান ঘটিয়ে ২০২৪ সালের গণ-অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে কাঙ্ক্ষিত জাতীয় নির্বাচন অবশেষে অনুষ্ঠিত হলো। আমরা গণ-অভ্যুত্থানে শহীদ ও যোদ্ধাদের স্মরণ করছি।

 

বিচ্ছিন্ন কিছু সহিংস ঘটনা ছাড়া সারাদেশে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হলেও ফলাফল ঘোষণায় বেশ কিছু অনিয়ম পরিলক্ষিত হয়েছে, যা একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ক্ষেত্রে সংশয় সৃষ্টি করে। গণ-অভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে এমন অনিয়ম কাম্য ছিল না। তাই নির্বাচন কমিশনকে এসব অনিয়মের সঠিক তদন্ত ও সমাধান করতে হবে।

 

বিবৃতিতে বলা হয়, দেশবিরোধী অপশক্তির সব ষড়যন্ত্র মোকাবিলা করে জাতীয় নির্বাচনের সামগ্রিক আয়োজনকে সাফল্যমণ্ডিত করার জন্য অন্তর্বর্তী সরকার, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলায় নিয়োজিত সামরিক-বেসামরিক বাহিনী এবং দেশবাসীকে মোবারকবাদ জানানো হয়। পাশাপাশি উক্ত নির্বাচনে খেলাফত মজলিসসহ ১১ দলীয় ঐক্য সমর্থিত সব প্রার্থী, কর্মী ও ভোটারদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতার জন্য কৃতজ্ঞতা ও মোবারকবাদ জানানো হয়।

 

এতে আরও বলা হয়, নির্বাচিত হয়ে যারা সরকার গঠন করতে যাচ্ছে, গণ-অভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে তাদের প্রতি জাতির বিরাট দায় ও আমানত রয়েছে। বিশেষ করে ‘হ্যাঁ’ ভোট জয়যুক্ত হওয়ায় সংস্কার কার্যক্রমকে সাফল্যের সঙ্গে এগিয়ে নেওয়া তাদের বড় দায়িত্ব। এ ক্ষেত্রে সরকারি দল ও বিরোধী দল-উভয়কেই পারস্পরিক সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যেতে হবে। খেলাফত মজলিসের এই বিবৃতি নির্বাচন-পরবর্তী পরিস্থিতিতে অনিয়মের অভিযোগ ও সংস্কারের ওপর জোর দেওয়ার প্রতিফলন ঘটিয়েছে।

এই বিভাগের আরো খবর