বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ৩০ ১৪৩২   ২৪ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৬

বড় সংঘর্ষ ছাড়াই শেষ হয়েছে নির্বাচন ও গণভোট, গণনা চলছে

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬  

বড় কোনো সংঘর্ষ ছাড়াই শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ভোটগ্রহণ শেষে এখন চলছে ভোট গণনা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে ভোটকেন্দ্রের চৌহদ্দির মধ্যে উপস্থিত ভোটারদের ভোটও গ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ বলেন, কোনো আশঙ্কার পরিস্থিতি নেই। কিছু বিচ্ছিন্ন ঘটনা ভোটকেন্দ্রের বাইরে ঘটেছিল, তা নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।

 

এবারের নির্বাচনে নিবন্ধিত ৬০টি দলের মধ্যে অংশ নিয়েছে ৫০টি দল। ২৯৯ আসনে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। মহিলা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ৮৩ জন, যার মধ্যে দলীয় ৬৩ জন ও স্বতন্ত্র ২০ জন। পুরুষ প্রার্থীর সংখ্যা ১ হাজার ৯৪৫ জন (দলীয় ১ হাজার ৬৯২ জন ও স্বতন্ত্র ২৫৩ জন)। সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি (২৯০ জন), তারপর ইসলামী আন্দোলন বাংলাদেশ (২৫৭ জন), জামায়াতে ইসলামী (২২৭ জন), জাতীয় পার্টি (জাপা) (২০০ জন), গণঅধিকার পরিষদ (৯৪ জন) এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) (৩২ জন)।

 

শেরপুর-৩ আসনে একজন বৈধ প্রার্থীর মৃত্যুর কারণে ওই আসনে ভোট স্থগিত রয়েছে। পরবর্তীতে নতুন তফসিলে ভোটগ্রহণ হবে। দেশের মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন, পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন এবং তৃতীয় লিঙ্গের ১ হাজার ২৩২ জন। শেরপুর-৩ আসনের ৪ লাখ ১৩ হাজার ৩৩৭ জন ভোটার এবার ভোট দিতে পারেননি। ফলে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন ১২ কোটি ৭২ লাখ ৯৮ হাজার ৪৫৬ জন।

 

ভোটের আগের সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে ভাষণে সকল দল ও প্রার্থীদের জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। এখন চলছে ভোট গণনা। ফলাফল ঘোষণার অপেক্ষায় রয়েছে দেশবাসী।

এই বিভাগের আরো খবর