বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ৩০ ১৪৩২   ২৪ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৫

গত রাতে কিছু অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি, যেটা কাম্য নয়ঃ তারেক

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬  

ভোট দেওয়ার পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “বাংলাদেশের মানুষ আজকে তাঁদের অধিকার প্রয়োগ করবেন এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা করবেন।” তারেক রহমান বলেন, “আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ আজকে সারা দিনে বেরিয়ে এসে যদি তাঁদের অধিকার প্রয়োগ করেন, ভোট দেন, ইনশাআল্লাহ যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব।” রাজধানীর গুলশান-২ নম্বরের গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আজ বৃহস্পতিবার সকালে ভোট দেওয়ার পর সাংবাদিকদের তারেক রহমান এসব কথা বলেন।

 

সকাল সাড়ে ৯টার দিকে তারেক রহমান কেন্দ্রে ঢোকেন। ভোট দিয়ে এসে পৌনে ১০টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ভোট দেওয়ার সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা ইসলাম। তারেক রহমান বলেন, “সারা বাংলাদেশের খবর এখন আমি পাইনি। তবে গত রাতে বিভিন্ন জায়গা থেকে কিছু অনাকাঙ্ক্ষিত খবর আমরা পেয়েছি, যেটা কাম্য নয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন জায়গায় অত্যন্ত কঠোরভাবে সেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা দমন করেছে যা আমরা গতকাল রাত পর্যন্ত ভোর রাত পর্যন্ত টিভির পর্দায় দেখেছি। বিভিন্ন চ্যানেলে দেখেছি।”

 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, “মাত্র তো ভোটগ্রহণ শুরু হয়েছে। আমি শেষটা কেমন করে এখনই, না দেখে বলব? আমি অবশ্যই ইনশাআল্লাহ আশাবাদী, আমি দৃঢ়ভাবে আশাবাদী।” বিএনপি ক্ষমতায় এলে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন সবচেয়ে বেশি প্রাধান্য পাবে বলেন তারেক রহমান। তিনি বলেন, “সমগ্র দেশে সাধারণ মানুষ যাতে নিরাপদ বোধ করে, এটি হচ্ছে আমাদের সবচেয়ে বেশি প্রায়োরিটি।” 

 

বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক নারী। এই অর্ধেক জনসংখ্যাকে পেছনে রেখে এগোতে পারবেন না বলেন তারেক রহমান। সরকার গঠন করলে নারীদের মূল্যায়ন ও ক্ষমতায়ন করার জন্য প্রথম দিন থেকেই কাজ করবেন বলে জানান তারেক রহমান। এই আসনের (ঢাকা-১৭) অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন জাতীয় পার্টির (জাপা) আতিক আহমেদ (লাঙ্গল), জাতীয় পার্টির (জেপি) তপু রায়হান (বাইসাইকেল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ উল্যাহ (হাতপাখা), বাংলাদেশ জাতীয় পার্টির কামরুল হাসান নাসিম (কাঁঠাল) ও স্বতন্ত্র প্রার্থী মো. আনিসুজ্জামান খোকন (ময়ূর)।

 

এই আসনে তারেক রহমানকে সমর্থন জানিয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন পাঁচজন প্রার্থী। তাঁরা হলেন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) এস এম আবুল কালাম আজাদ (টেলিভিশন), বাংলাদেশ কংগ্রেসের মো. শামীম আহমদ (ডাব), বাংলাদেশ লেবার পার্টির মুহাম্মদ রাশেদুল হক (আনারস), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মনজুর হুমায়ুন (আপেল) ও স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েত উল্লাহ (মোরগ)।

 

ইসির তথ্য অনুযায়ী, এই আসনে মোট ভোটার ৩ লাখ ২৭ হাজার ৮৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭০ হাজার ১১৬ জন। আর নারী ভোটার ১ লাখ ৫৭ হাজার ৭৭৪ জন। হিজড়া ভোটার আছেন ৮ জন। মোট ভোট কেন্দ্র ১২৪টি। তারেক রহমানের এই বক্তব্য নির্বাচনের প্রথম কয়েক ঘণ্টার পরিস্থিতি নিয়ে বিএনপির অবস্থান স্পষ্ট করেছে। তিনি আশাবাদী হলেও গত রাতের কিছু ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

এই বিভাগের আরো খবর