শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ৩০ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৬

নরসিংদীর পাঁচটি আসনেই ধানের শীষের বিজয়

মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৬  

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী জেলার পাঁচটি সংসদীয় আসনেই বিএনপির প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে জেলার পাঁচটি আসনের ছয় উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়।


ঘোষিত ফলাফলে নরসিংদী-১ (সদর) আসনে বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি, ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৬৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. ইব্রাহিম ভূঞা পেয়েছেন ৯২ হাজার ৯৩০ ভোট। এ আসনে ভোট কাস্ট হয়েছে ৫৮.৮২ শতাংশ। মোট ভোটার ৪ লাখ ৭২ হাজার ৬৯১ এবং ভোটকেন্দ্র ১৪২টি।


নরসিংদী-২ (পলাশ) আসনে বিএনপি প্রার্থী, সাবেক মন্ত্রী ও দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান পেয়েছেন ৯২ হাজার ৩৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের আমজাদ হোসেন পেয়েছেন ৫৫ হাজার ১৬১ ভোট। এছাড়া জামায়াত জোটের প্রার্থী মো. গোলাম সারোয়ার তুষার পেয়েছেন ১৯ হাজার ২৩৬ ভোট। এ আসনে ভোট কাস্ট হয়েছে ৫৫ শতাংশ। মোট ভোটার ২ লাখ ৮৩ হাজার ৭৭৯ এবং ভোটকেন্দ্র ৯১টি।


নরসিংদী-৩ (শিবপুর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী পেয়েছেন ৮১ হাজার ৪১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, স্বতন্ত্র প্রার্থী (হাঁস প্রতীক) ও শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফ-উল-ইসলাম মৃধা পেয়েছেন ৪৫ হাজার ৪০১ ভোট। এ আসনে ভোট কাস্ট হয়েছে ৬১ শতাংশ। মোট ভোটার ২ লাখ ৮০ হাজার ৯২৯ এবং ভোটকেন্দ্র ১০১টি।


নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে বিএনপি প্রার্থী, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুল পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৯১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের মো. জাহাঙ্গীর আলম পেয়েছেন ৭৬ হাজার ৪৪৫ ভোট। এ আসনে ভোট কাস্ট হয়েছে ৫৩.০৬ শতাংশ। মোট ভোটার ৪ লাখ ২২ হাজার ৮৩৫ এবং ভোটকেন্দ্র ১৬২টি।


নরসিংদী-৫ (রায়পুরা) আসনে বিএনপি প্রার্থী ও কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহসম্পাদক ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৫১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিকশা প্রতীকের তাজুল ইসলাম পেয়েছেন ৪৩ হাজার ৬৮২ ভোট। এ আসনে ভোট কাস্ট হয়েছে ৪৯.০৫ শতাংশ। মোট ভোটার ৪ লাখ ৮৭ হাজার ৭১৩ এবং ভোটকেন্দ্র ১৬৭টি।


এর আগে নরসিংদী জেলার পাঁচটি আসনের ৫টি পৌরসভা ও ৭১টি ইউনিয়নের ৬৬৩টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর ৬ শতাধিক সদস্য, পুলিশের ১৫ শতাধিক সদস্য, বিজিবির ১৩ প্লাটুন ছাড়াও র‌্যাব, আনসার ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করেন।


সব মিলিয়ে, নরসিংদীর পাঁচ আসনেই বিএনপির এই পূর্ণাঙ্গ জয় জেলার রাজনৈতিক সমীকরণে নতুন বার্তা দিয়েছে বলে সংশ্লিষ্ট মহল মনে করছেন।

এই বিভাগের আরো খবর