মঙ্গলবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৫ ১৪৩২   ২৯ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৩

পবিত্র রমজান শুরু কবে, মালয়েশিয়াসহ কয়েকটি দেশ কী ঘোষণা দিল?

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬  

বিশ্বজুড়ে মুসলিমরা সিয়াম পালন, আত্মশুদ্ধি ও দান-সদকার মাস রমজানের প্রস্তুতি নিচ্ছেন। জ্যোতির্বিজ্ঞানের পূর্বাভাস অনুযায়ী, পবিত্র রমজান মাস ১৮ বা ১৯ ফেব্রুয়ারি শুরু হতে পারে। তবে স্থানীয়ভাবে চাঁদ দেখার ওপর এই মাসের সূচনা নির্ভর করছে। বিভিন্ন দেশ ও সম্প্রদায়ের ক্ষেত্রে মাসের শুরু ভিন্ন ভিন্ন হতে পারে।

 

মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তুরস্ক, সিঙ্গাপুর ও ব্রুনাইয়ে ১৯ ফেব্রুয়ারি মালয়েশিয়া ইতিমধ্যে আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে—চাঁদ দেখা না যাওয়ায় আগামী বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে দেশে রমজান মাস শুরু হবে। ইন্দোনেশিয়ায়ও চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবার থেকে রমজান শুরু হবে বলে কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে।

 

তুরস্ক আনুষ্ঠানিকভাবে জানিয়েছে—চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবার থেকে রোজা শুরু হবে। সিঙ্গাপুরের ইসলামিক রিলিজিয়াস কাউন্সিল নিশ্চিত করেছে—সিঙ্গাপুরে বৃহস্পতিবার হবে রমজানের প্রথম দিন। নির্ধারিত সন্ধ্যায় চাঁদ দেখা না যাওয়ায় জ্যোতির্বিজ্ঞান ও ধর্মীয় পর্যবেক্ষণের ভিত্তিতে এই ঘোষণা দেওয়া হয়েছে। দেশটির মুসলিমরা ১৯ ফেব্রুয়ারি থেকে রোজা ও নামাজের প্রস্তুতি নিচ্ছেন।

 

ব্রুনেইয়ের কর্তৃপক্ষ জানিয়েছে—আজ মঙ্গলবার দেশে রমজানের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল বুধবার হবে শাবান মাসের শেষ দিন এবং বৃহস্পতিবার থেকে রমজান শুরু হবে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটিবির খবরে বলা হয়েছে, হাইকোর্ট শরিয়াহ বিচারক ইয়াং আরিফ আওয়াং হাজি হাসান বিন হাজি মেতালি বিষয়টি নিশ্চিত করেছেন।

 

সৌদি আরবে আজ সন্ধ্যায় চাঁদ দেখা সৌদি আরবের সুপ্রিম কোর্ট দেশের মুসলিম জনগণকে আজ সন্ধ্যায় (২৯ শাবান, ১৪৪৭ হিজরি) রমজানের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। পর্যবেক্ষণকারীদের অনুরোধ করা হয়েছে—কেউ চাঁদ দেখলে যেন নিকটস্থ আদালতে তা জানান। মক্কার সময় অনুযায়ী আজ সন্ধ্যা প্রায় ছয়টার দিকে চাঁদ দেখার ফলাফল ঘোষণা করা হতে পারে।

 

চাঁদ দেখায় সূর্যগ্রহণের প্রভাব পড়বে না চাঁদ দেখা কমিটির কর্মকর্তা আবদুল্লাহ আল খুদাইরি নিশ্চিত করেছেন—সূর্যগ্রহণ রমজানের চাঁদ দেখার ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করবে না। এই প্রথমবারের মতো সৌদি আরবের সুদাইর অবজারভেটরি রমজানের চাঁদ দেখার কাজে আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। বিভিন্ন দেশে রমজানের শুরু ভিন্ন হওয়ায় মুসলিম সম্প্রদায়ের মধ্যে প্রস্তুতি চলছে। অনেকে ১৯ ফেব্রুয়ারি থেকে রোজা রাখার প্রস্তুতি নিচ্ছেন।