মঙ্গলবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৫ ১৪৩২   ২৯ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৪

অর্থ উপদেষ্টার নোটে মূল্যস্ফীতি-খেলাপি ঋণ-রাজস্ব সংকটের ভয়াবহ চিত

শিল্প-বাণিজ্য ডেস্ক

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬  

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ নতুন অর্থমন্ত্রীর জন্য রেখে যাওয়া উত্তরাধিকার নোটে বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির সার্বিক অবস্থা তুলে ধরেছেন। নোটে বলা হয়েছে—মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে গিয়ে অর্থনীতির প্রবৃদ্ধির গতি কমছে। এর সঙ্গে নিম্নমানের কর আদায়, খেলাপি ঋণ, ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি ও শাসনব্যবস্থার দুর্বলতা গেঁথে আছে অর্থনীতিতে। এর আঘাতে একই সময়ে কমছে সাধারণ মানুষের প্রকৃত আয়ও।

 

নোটে আরও বলা হয়েছে—কর আদায় নিম্নমানের হওয়ায় বড় ধরনের সংকট মোকাবিলায় সরকারের সক্ষমতা হ্রাস পাচ্ছে। পাশাপাশি বাজেটের ঘাটতি মেটাতে নির্ভরতা বাড়ছে দেশি ও বিদেশি ঋণের ওপর। বিপুল অঙ্কের ঋণের সুদ পরিশোধ করতে গিয়ে বড় ধরনের চাপের মুখে আছে অর্থনীতি।

 

অগ্রাধিকারের পরামর্শ উত্তরাধিকার নোটে অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবিলায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বাজারব্যবস্থায় আস্থা পুনরুদ্ধারকে অগ্রাধিকার দিতে বলেছেন উপদেষ্টা। জোর দিতে বলেছেন রাজস্ব সংগ্রহ বাড়ানোর দিকে। বিশেষ করে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চলমান সংস্কার বাস্তবায়ন, কর অব্যাহতি পর্যালোচনা, আয়কর ব্যবস্থায় ডিজিটালাইজেশন ও কাস্টমস আধুনিকায়নে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন।

 

ব্যাংক খাতের ভয়াবহ চিত্র নোটে সবচেয়ে বেশি খারাপ অবস্থা দেখানো হয়েছে ব্যাংক খাতে। সেন্টার ফর পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (সিপিডি) গবেষণা রিপোর্টের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে—২০০৮-২০২৩ সাল পর্যন্ত ১৫ বছরে ব্যাংক খাত থেকে ৯২ হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে। সংশ্লিষ্টদের তথ্যমতে, ব্যাংক খাতের দেওয়া মোট ঋণের ৩৬ শতাংশ খেলাপি হয়ে পড়েছে। একই অবস্থা আর্থিক প্রতিষ্ঠান খাতের।

 

নতুন সরকারের প্রধান চ্যালেঞ্জ হবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খাতকে নিয়মের মধ্যে এনে শক্তিশালী আইনি ভিত্তি দেওয়া—যাতে নতুন করে আর কোনো অনিয়ম না হয়।

 

মুদ্রা ও আর্থিক খাতে সংস্কার অন্তর্বর্তী সরকার মুদ্রা ও আর্থিক খাতের নতুন অনেক আইন প্রণয়ন ও সংশোধন করেছে। প্রণীত ও সংশোধিত আইনগুলোর মধ্যে রয়েছে—ব্যাংক কোম্পানি আইন (সংশোধন), ফিন্যান্স কোম্পানি আইন, সিকিউরড ট্রানজেকশন আইন, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, অর্থ ঋণ আদালত আইন (সংশোধন)। এছাড়া আমানত সুরক্ষা অধ্যাদেশ, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ অন্যতম।

 

ঝুঁকিপূর্ণ বা ব্যর্থ ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর সমস্যা সমাধানে ব্যাংক রিসলিউশন অর্ডিন্যান্স ২০২৫ কার্যকর করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক এসব ব্যর্থ বা ঝুঁকিপূর্ণ ব্যাংকের রিসলিউশনের পূর্ণ ক্ষমতাপ্রাপ্ত হয়েছে। ব্যাংক রিসোলিউশন ইউনিট গঠন করা হয়েছে। ইতোমধ্যে পাঁচটি ইসলামী ব্যাংককে একীভূত করে অস্থায়ী প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এ প্রক্রিয়া বাস্তবায়নে ২০২৫-২৬ অর্থবছরে সরকারকে ২০ হাজার কোটি টাকা প্রদান করতে হচ্ছে।

 

তাৎক্ষণিক অগ্রাধিকার

  • নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি ব্যবস্থাপনা সুচারুরূপে সম্পন্ন
  • বাজার পর্যবেক্ষণ ও সরবরাহ ব্যবস্থাপনায় চলমান সমস্যা দূরীকরণ
  • সমন্বিত রাজস্ব ও মুদ্রানীতি অব্যাহত রাখা
  • ভ্যাট অটোমেশন ও ই-ইনভয়েস চালু করে রাজস্ব আহরণ বাড়ানো

 

মূল্যস্ফীতি কমার প্রত্যাশা ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অনেক উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী জুনে মূল্যস্ফীতি ৭ শতাংশের কাছাকাছি আসবে বলে প্রত্যাশা করা হয়েছে। সরকারের সংকোচনমূলক মুদ্রানীতি ও কৃচ্ছ সাধনের ফলে মূল্যস্ফীতি কমে আসবে। পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি ৯ শতাংশের নিচে নেমে আসছে।

 

বৈদেশিক খাত সাম্প্রতিক সময়ে আমদানির প্রবৃদ্ধি হলেও রপ্তানির প্রবৃদ্ধি বেশ কমছে। বিশেষ করে তৈরি পোশাক খাতে আশানুরূপ উৎপাদন না হওয়ায় মোট রপ্তানির প্রবৃদ্ধির ওপর নেতিবাচক প্রভাব পড়েছে।বুধবার বিএনপি নেতৃত্বাধীন জোটের নতুন অর্থমন্ত্রী দায়িত্বভার গ্রহণ করবেন। এর আগে আজ নতুন মন্ত্রিসভা গঠন করা হবে। শপথের সঙ্গে সঙ্গে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টার দায়িত্ব স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়ে যাবে।

 

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বিগত সময়গুলোয় বলতেন—নতুন সরকারের জন্য রাস্তা তৈরি করে যাবেন, যে রাস্তা দিয়ে হাঁটতে পারবে। সদ্যবিদায়ি অনুষ্ঠানেও তিনি বলেছেন—নতুন অর্থমন্ত্রীর জন্য কয়েক পৃষ্ঠার উত্তরাধিকার নোট রেখে যাবেন, যাতে দায়িত্ব গ্রহণের পর কাজ এগিয়ে নিতে সুবিধা হয়। তার মতে, পরবর্তী সরকারের উচিত হবে নতুন কাজ শুরুর বদলে চলমান সংস্কার কার্যক্রম জোরদার করা।

এই বিভাগের আরো খবর