বুধবার   ১৮ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৬ ১৪৩২   ০১ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২০

অবসরপ্রাপ্ত সচিব এবিএম আব্দুস সাত্তার তারেক রহমানের মুখ্য সচিব

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬  

প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখ্য সচিব পদে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব ও চৌকশ প্রশাসনিক কর্মকর্তা এবিএম আব্দুস সাত্তার। তিনি প্রশাসন ক্যাডারের ১৯৮২ ব্যাচের কর্মকর্তা। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা উল্লেখ করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে—যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ দায়িত্ব পালনের জন্য তাকে অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধাসরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে বিদ্যমান কর্মসম্পর্ক পরিত্যাগ করতে হবে। নিয়োগসংক্রান্ত অন্যান্য শর্তাবলি পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

 

গত ৩ জানুয়ারি থেকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন সজ্জন ও মেধাবী এই কর্মকর্তা। এর আগে তিনি দীর্ঘদিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিবের দায়িত্ব পালন করেন।

 

প্রশাসন ক্যাডারে দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে দায়িত্ব পালন করেছেন আব্দুস সাত্তার। তিনি অবসর গ্রহণের পরও প্রশাসনিক কাজে নিয়মিতভাবে যুক্ত ছিলেন। নতুন সরকারের প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে তাঁর নিয়োগকে প্রশাসনিক মহলে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।

 

আজ বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। এরপর নতুন সরকারের কার্যক্রম শুরু হবে। আব্দুস সাত্তারের মতো অভিজ্ঞ প্রশাসকের নিয়োগ নতুন সরকারের প্রশাসনিক কাঠামোকে শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে।

এই বিভাগের আরো খবর