বুধবার   ১৮ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৬ ১৪৩২   ০১ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৪

২৪ ঘণ্টায় ৫০ যুদ্ধবিমান মোতায়েন: ইরানে বড় হামলার প্রস্তুতি?

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬  

সংগ্রহীত ছবি

সংগ্রহীত ছবি

 

ইরানের সঙ্গে চলমান পরমাণু আলোচনা চলাকালীন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বিমান ও নৌ সামরিক সক্ষমতা ধারাবাহিকভাবে জোরদার করছে। অ্যাক্সিওসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় এফ-৩৫ লাইটনিং টু, এফ-২২ র‍্যাপ্টর ও এফ-১৬ ফাইটিং ফ্যালকনসহ ৫০টিরও বেশি মার্কিন যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে।

 

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, জেনেভায় মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত আলোচনায় ওয়াশিংটন ও তেহরান “অগ্রগতি” করেছে। তবে তারা সতর্ক করে বলেছেন, “এখনও কিছু বিষয় নিয়ে আলোচনা বাকি আছে”, যা সামরিক সংঘর্ষের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেয়নি।

 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, মঙ্গলবারের আলোচনা এ মাসের শুরুর প্রথম দফার বৈঠকের তুলনায় বেশি “গঠনমূলক” ছিল। তিনি জানান, পারমাণবিক কর্মসূচি নিয়ে সম্ভাব্য চুক্তির জন্য দুই পক্ষ “নির্দেশনামূলক নীতিমালায়” একমত হয়েছে।

 

তবে একই সময়ে ট্রাম্প প্রশাসন সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি হিসেবে ইরানের আশপাশে ভারী সামরিক শক্তি জড়ো করছে। গত জানুয়ারিতে আরব সাগরে বিমানবাহী রণতরী পাঠানো হয়। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জর্ডানের মুয়াফফাক সালতি বিমানঘাঁটিতে মোতায়েন করা হয় এক ডজন এফ-১৫ ঈগল, একটি এমকিউ-৯ ড্রোন এবং কয়েকটি এ-১০ থান্ডারবোল্ট টু গ্রাউন্ড অ্যাটাক বিমান।

 

স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার ইউএসএস ডেলবার্ট ডি. ব্ল্যাক ভূমধ্যসাগর থেকে মিশরের সুয়েজ খাল অতিক্রম করে লোহিত সাগরের দিকে অগ্রসর হচ্ছে। একই সময়ে মার্কিন নৌবাহিনীর এমকিউ-ফোরসি ট্রিটন নজরদারি ড্রোন উপসাগরীয় অঞ্চলে কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া ই-১১এ যোগাযোগ বিমান, পি-৮ পসেইডন, ই-৩ সেন্ট্রি নজরদারি ও অন্যান্য গোয়েন্দা বিমানের তথ্যও পাওয়া গেছে। যুক্তরাষ্ট্র অঞ্চলে দ্বিতীয় একটি বিমানবাহী রণতরী পাঠিয়েছে বলে জানা গেছে।

 

অন্যদিকে, ইরান সামরিক মহড়ার অংশ হিসেবে কয়েক ঘণ্টার জন্য হরমুজ প্রণালীর একটি অংশ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। এটি বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী অঞ্চলের গুরুত্বপূর্ণ নৌপথ। অতীতেও তেহরান পুরো হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিয়েছে, তবে এখন পর্যন্ত তা বাস্তবায়ন করেনি।

এই বিভাগের আরো খবর