সোমবার   ০২ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২০ ১৪৩২   ১৪ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২১

জনসভায় তারেক রহমান

নারীর অবদান ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২৬  

যশোর উপশহর উদ্যানে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগ্রহীত 

 

যশোর উপশহর উদ্যানে সোমবার (২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের নারীদের গুরুত্ব এবং উন্নয়ন নীতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন।

 

তারেক রহমান বলেন, “দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীদের বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়। ৫ আগস্টের পর একটি বিশেষ রাজনৈতিক দল নারীদের অবমাননা করছে এবং তাদের ঘরের ভেতরে আটকে রাখার ষড়যন্ত্র করছে। বিএনপি সরকার গঠন করলে প্রতিটি গৃহিণীর জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে।”

 

তিনি বলেন, “দেশনেত্রী খালেদা জিয়া নারী শিক্ষার প্রসারে মাধ্যমিক পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু করেছিলেন। আমরা সেই ধারাবাহিকতায় প্রতিটি পরিবারের গৃহিণীদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেব, যার মাধ্যমে মায়েরা প্রতি মাসে রাষ্ট্রীয় সুবিধা পাবেন।”

 

বক্তব্যে গার্মেন্টস শিল্পে নারীদের অবদানকে বিশেষভাবে উল্লেখ করে তিনি বলেন, “যারা কর্মজীবী নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে, তারা জনগণের বন্ধু হতে পারে না।”

তারেক রহমান আরও বলেন, “বিএনপি উন্নয়নের রাজনীতি করে, উন্নয়নের নামে প্রতারণা করে না। সরকার গঠন করলে কৃষকের দোরগোড়ায় ন্যায্য মূল্যে সার, বীজ ও কীটনাশক পৌঁছে দেয়া হবে। ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হবে।”

 

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সূচিত খাল খনন কর্মসূচি পুনরায় চালুর ঘোষণা দিয়ে তিনি বলেন, “উলশী খালসহ সারা দেশের বন্ধ হওয়া খালগুলো খনন করে ফসলের উৎপাদন দ্বিগুণ করা হবে।”

যশোর অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরে তিনি বলেন, “এখানকার ফুল চাষকে আধুনিকায়ন করে বিদেশে রফতানির ব্যবস্থা করা হবে। এছাড়া বন্ধ হয়ে যাওয়া চিনিকলগুলো পুনরায় চালু করে আখ চাষিদের ভাগ্যেন্নয়ন এবং চিনি উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পরিকল্পনা রয়েছে বিএনপির।”

তিনি বেকারত্ব মোকাবিলার জন্য প্রতিটি এলাকায় ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট ও আইটি পার্ক নির্মাণের প্রতিশ্রুতিও দেন।

আসন্ন ১২ ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে তারেক রহমান বলেন, “একটি চক্র এনআইডি ও বিকাশ নম্বর নিয়ে মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়ার ষড়যন্ত্র করছে। ভোট গণনায় দেরি করার উছিলায় কারচুপির চেষ্টা করা হলে তা শক্ত হাতে প্রতিরোধ করতে হবে।”

তিনি আরও যোগ করেন, “আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই যেখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই শান্তিতে বাস করবে। কারণ রাজনীতির গুণগত পরিবর্তনই আমাদের লক্ষ্য।”

বক্তব্যের শেষে তিনি উপস্থিত জনতাকে উজ্জীবিত করে বলেন, “করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।”

 

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তারেক রহমানের উপদেষ্টা মেহেদী আহমেদ ধ্বনি, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, অধ্যাপক নার্গিস বেগম এবং খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

এই বিভাগের আরো খবর