রোববার   ১৫ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৩ ১৪৩২   ২৭ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৩

পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ভরসা জাগানোর মতো নয়: শ্রীকান্ত

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৬  

ক্রিকেট মানচিত্রের সবচেয়ে বড় লড়াইয়ের আগে মাঠের বাইরের কথার লড়াইয়ে নেমেছেন ভারত-পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। এবার তাতে যোগ দিলেন ভারতের সাবেক বিধ্বংসী ওপেনার কৃষ্ণমাচারি শ্রীকান্ত। তিনি সরাসরি বলে দিয়েছেন—পাকিস্তানের ব্যাটিং লাইনআপ মোটেই ভরসা জাগানোর মতো নয়। এমনকি বাবর আজম ও অধিনায়ক সালমান আলী আগাকে ‘টেস্ট ব্যাটসম্যান’ বলে খোঁচা দিতেও ছাড়েননি তিনি।

 

আজ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। এই ম্যাচের আগে নিজের ইউটিউব চ্যানেলে পাকিস্তানের ব্যাটিং সামর্থ্য নিয়ে কথা বলেছেন শ্রীকান্ত। পাকিস্তান ওপেনার সাহিবজাদা ফারহানকে ঘিরে স্বপ্ন বুনছে পাকিস্তান। গত বছর টি-টোয়েন্টি এশিয়া কাপে ভারতের বিপক্ষে তিন ম্যাচে ৫১.৬৬ গড় ও ১২২.০৪ স্ট্রাইক রেটে মোট ১৫৫ রান করেছিলেন তিনি। কিন্তু শ্রীকান্তের কথা উল্টো।

 

তিনি বলেন,“সবাই ফারহানকে নিয়ে খুব মাতামাতি করছে, কিন্তু কাল (আজ) ও ব্যর্থ হবে। হয় বুমরা ওকে গুঁড়িয়ে দেবে, নয়তো বরুণ চক্রবর্তীর সোজা বলে আড়াআড়ি ব্যাট চালাতে গিয়ে স্টাম্প হারাবে। আর সে আউট হওয়া মানেই পাকিস্তানের গল্প শেষ।”

 

বাবর আজম ও সালমান আগাকে নিয়ে শ্রীকান্তের মন্তব্য আরও কড়া। তিনি বলেন, “পাকিস্তান দলে ব্যাটসম্যান বলতে শুধু ওই একজন ফারহান। একজনে নিয়ে কি বিশ্বকাপ জেতা যায়? বাবর আজম এসে টি-টোয়েন্টিতে টেস্ট ম্যাচ খেলবে। আর সালমান আগা তো বাবরেরই ২.০ সংস্করণ! এ ছাড়া ওদের আছে শুধু শাদাব খান, যে কিনা মিডল অর্ডারে কিছুটা ভয়ংকর হতে পারে।”

 

ব্যাটিং নিয়ে সমালোচনা করলেও পাকিস্তানের স্পিন বিভাগকে ‘গান লাইনআপ’ বা মারণাস্ত্র হিসেবে মানছেন শ্রীকান্ত। যুক্তরাষ্ট্রের বিপক্ষে পাকিস্তান পাঁচজন স্পিনার খেলিয়েছিল। ভারতের মিডল অর্ডার ইদানীং স্পিনের বিপক্ষে কিছুটা ভুগছে বলে তিনি সতর্ক করে দিয়ে বলেন,“ওদের স্পিনাররা বেশ ভালো। আর আমাদের মিডল অর্ডারও স্পিনের সামনে খুব একটা স্বস্তিতে নেই।”

 

পরিসংখ্যান অবশ্য ভারতের পক্ষেই কথা বলছে। টি-টোয়েন্টিতে সর্বশেষ পাঁচবারের মুখোমুখিতে প্রতিবারই হেরেছে পাকিস্তান। আজকের ম্যাচে কে জিতবে—এ নিয়ে উত্তেজনা তুঙ্গে। শ্রীকান্তের এই খোঁচা ম্যাচের আগের দিনের মানসিক যুদ্ধকে আরও উত্তপ্ত করে তুলেছে।

এই বিভাগের আরো খবর