রোববার   ১৫ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৩ ১৪৩২   ২৭ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২১

নিরাপত্তা শঙ্কায় মোনামি: ফাঁস করলেন একাধিক স্ক্রিনশট

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৬  

শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। ছবি : সংগৃহীত

শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। ছবি : সংগৃহীত

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়াকে (মোনামি) লক্ষ্য করে একের পর এক প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গত কয়েক দিন ধরে বিভিন্ন অজ্ঞাত নম্বর থেকে আসা কল এবং বার্তার মাধ্যমে তাকে এই হুমকি দেওয়া হচ্ছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হুমকির সপক্ষে বেশ কিছু স্ক্রিনশট শেয়ার করে বিষয়টি প্রকাশ্যে আনেন তিনি।

 

মোনামির দাবি অনুযায়ী, এই হুমকির ধারা শুরু হয়েছে গত ১৩ ফেব্রুয়ারি থেকে। তার কল লিস্টে দেখা গেছে অসংখ্য অপরিচিত নম্বর, যা থেকে ক্রমাগত তাকে উত্যক্ত ও ভয় দেখানো হচ্ছে। পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে তিনি ফেসবুকে লেখেন,

“১৩ ফেব্রুয়ারির পর থেকে আমি যে অসংখ্য মৃত্যুর হুমকির সম্মুখীন হচ্ছি, এটি তার মধ্যে একটি মাত্র।”

 

রাজনৈতিক নেতৃত্বকে প্রশ্ন হুমকির শিকার এই শিক্ষক তার পোস্টে সরাসরি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে মেনশন করে দেশের বর্তমান ও ভবিষ্যৎ নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি লিখেছেন,

“প্রিয় তারেক রহমান। এটা কি আপনাদের ‘নারীবান্ধব এবং নিরাপদ’ বাংলাদেশ?”

 

আইনি পদক্ষেপ ও পূর্ব প্রেক্ষাপট এটিই প্রথম নয়, এর আগেও শেহরীন আমিন মোনামি সাইবার বুলিংয়ের শিকার হয়েছিলেন। ছবি বিকৃত করে ফেসবুকে আপলোড এবং কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে তিনি শাহবাগ থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলাও দায়ের করেছিলেন।  মানসিক দৃঢ়তার পরিচয় দিয়ে তিনি তার পোস্টের শেষে যোগ করেন,

‘সব মুসলমানকেই মৃত্যুর জন্য প্রস্তুত থাকা উচিত। আর আমি সেই ৩১ জুলাই ২০২৪ থেকেই প্রস্তুত আছি।’

এই বিভাগের আরো খবর