বৃহস্পতিবার   ১৯ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৬ ১৪৩২   ০২ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৪১

দেশে ফিরছেন তারেক রহমান: গুলশানের বাসায় উঠবেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫  

টানা ১৮ বছর লন্ডনে নির্বাসিত জীবন কাটানোর পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে এবং ঢাকায় তাঁর জন্য বাসভবন ও দলীয় অফিস চূড়ান্ত করেছে।

 

 

বিএনপি সূত্রে জানা গেছে, তারেক রহমান গুলশান অ্যাভিনিউর ১৯৬ নম্বর বাসায় উঠবেন। এই বাড়িটির একটি ঐতিহাসিক তাৎপর্য রয়েছে। রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তারের মন্ত্রিসভা সর্বসম্মত সিদ্ধান্তে এই বাড়িটি খালেদা জিয়াকে বরাদ্দ দিয়েছিল। কয়েক মাস আগে বাড়িটির দলিলপত্র বিএনপি চেয়ারপারসনের কাছে হস্তান্তর করা হয়। বিশেষ ব্যাপার হলো, এই বাসার পাশেই ভাড়া করা বাড়ি 'ফিরোজা'-তে থাকেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

বর্তমানে বাসাটির সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে।

 

 

তারেক রহমানের প্রত্যাবর্তনের পূর্বে গুলশানে দুটি অফিসের প্রস্তুতি নেওয়া হয়েছে। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমানের জন্য আলাদা একটি চেম্বার তৈরি করা হয়েছে। ও গুলশানের ৯০ নম্বর সড়কের ১০/সি বাড়িটি ভাড়া নেওয়া হয়েছে বিএনপির নতুন অফিস হিসেবে। চারতলা এই ভবনে কঠোর নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছে এবং এটি নির্বাচনের যাবতীয় কার্যক্রম পরিচালনার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে। এখানে ব্রিফিং রুম এবং বিভিন্ন বিভাগের জন্য বসার ব্যবস্থা রয়েছে।

 

 

আজ মঙ্গলবার গুলশানের ৯০ নম্বর সড়কের ১০/সি নম্বর নতুন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে একটি বিশেষ কর্মসূচি ঘোষণা করেন। ‘আমার ভাবনায় বাংলাদেশ’ শীর্ষক জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতা। মাহাদী আমিন বলেন, তারেক রহমান বিশ্বাস করেন, আগামীর বাংলাদেশ গড়তে হলে রাজনীতি ও আদর্শের ঊর্ধ্বে গণতন্ত্রকামী প্রতিটি মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। এই রিল-মেকিং প্রতিযোগিতা সেই গণমানুষের আকাঙ্ক্ষা প্রতিফলিত করবে।

 

২৫ ডিসেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানকে সংবর্ধনা জানাতে বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত থাকবেন বলে বিএনপি সূত্র জানিয়েছে।

এই বিভাগের আরো খবর