সোমবার   ০২ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২০ ১৪৩২   ১৪ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৩

শেখ হাসিনা, টিউলিপ, রাদওয়ান ও আজমিনার পূর্বাচল প্লট মামলার রায় আজ

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২৬  

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানার সন্তান রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে দায়ের করা দুই পৃথক মামলার রায় ঘোষণা করা হবে আজ।

 

সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ-৪ আদালতে এ রায় ঘোষণা হবে। সংশ্লিষ্ট আদালত সূত্রে জানা গেছে, সকালে রায় ঘোষণার সম্ভাবনা রয়েছে।

 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলা দুটিতে অভিযোগ করা হয়েছে, শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে তার বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও মেয়ে আজমিনা সিদ্দিককে পৃথকভাবে ১০ কাঠা করে দুটি সরকারি প্লট বরাদ্দ দেন।

 

মামলা দুটিতে ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। মামলার বিচারিক কার্যক্রম ঢাকার বিশেষ জজ-৪ আদালতে সম্পন্ন হয়।

 

দুদকের পাবলিক প্রসিকিউটর জহিরুল ইসলাম জানান, ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা করে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত বছরের ১৩ জানুয়ারি দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া আজমিনা সিদ্দিক ও রাদওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধে পৃথক দুই মামলা করেন। এসব মামলায় শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিকসহ মোট ১৬ জনকে আসামি করা হয়।

 

পরবর্তী সময়ে তদন্ত শেষে আরও দুজনকে যুক্ত করে মোট ১৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়।

 

মামলার অন্য আসামিরা হলেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী আনিছুর রহমান মিঞা, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (ইঞ্জি.) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), রাজউকের সাবেক পরিচালক নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, পরিচালক কামরুল ইসলাম এবং উপ-পরিচালক নায়েব আলী শরীফ।

 

পরবর্তী সময়ে মামলায় যুক্ত হওয়া দুই আসামি হলেন সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।আদালত সূত্র জানায়, আজ রায় ঘোষণার পর মামলার পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে।

 

এই বিভাগের আরো খবর