রোববার   ০১ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ১৯ ১৪৩২   ১৩ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১১

হাঁটা-সাইকেল চালানোর সময় মুখের কথায় গুগল ম্যাপসের তথ্য জানা যাবে

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২৬  

হাঁটা বা সাইকেল চালানোর সময় চাইলেও সব সময় গুগল ম্যাপসের মাধ্যমে গন্তব্য বা আশপাশের হালনাগাদ তথ্য জানা যায় না। এ সমস্যার সমাধানে গুগল ম্যাপসে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর জেমিনি চ্যাটবটের সহায়তায় নতুন নেভিগেশন সুবিধা চালু করেছে গুগল।

 

নতুন এ সুবিধা চালু হওয়ায় ব্যবহারকারীরা হাঁটা বা সাইকেল চালানোর সময় চাইলেই মুখের কথায় গুগল ম্যাপস থেকে বিভিন্ন তথ্য জানতে পারবেন। এত দিন শুধু গাড়ি চালানোর সময় জেমিনির মাধ্যমে গুগল ম্যাপসের কথোপকথননির্ভর নেভিগেশন সুবিধা ব্যবহার করা যেত।

 

গুগল জানিয়েছে, হাঁটার সময় ফোনে টাইপ করা অনেকের জন্যই অস্বস্তিকর। আর তাই ব্যবহারকারীরা যাতে চলার গতি বজায় রেখে এবং মনোযোগ নষ্ট না করে প্রয়োজনীয় তথ্য পেতে পারেন, সেই লক্ষ্যেই নতুন এই সুবিধা যুক্ত করা হয়েছে।

 

সুবিধাটি প্রাথমিকভাবে আইওএস ব্যবহারকারীদের জন্য বিশ্বজুড়ে চালু করা হয়েছে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ধাপে ধাপে সুবিধাটি চালু করা হচ্ছে।

 

নতুন এ সুবিধা চালুর ফলে গুগল ম্যাপসের বিভিন্ন তথ্য জানানোর জন্য জেমিনিকে প্রশ্ন করতে পারবেন ব্যবহারকারীরা। ফলে আশপাশের দর্শনীয় স্থান সম্পর্কে জানার পাশাপাশি কোনো রেস্তোরাঁ আছে কি না, তা সহজেই জানা যাবে। ধারাবাহিকভাবে একাধিক প্রশ্ন করার সুযোগ থাকায় নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর আগেই সেই স্থান সম্পর্কে দ্রুত বিভিন্ন তথ্য জানার সুযোগ মিলবে।

 

বিশেষজ্ঞদের মতে, গুগল ম্যাপসকে দিকনির্দেশনা দেওয়া অ্যাপের পরিবর্তে কথোপকথননির্ভর নেভিগেশন সেবায় রূপান্তরে গুগলের পরিকল্পনার বিষয়টি নতুন এই সুবিধা যুক্ত করার ফলে আরও স্পষ্ট হয়ে উঠেছে।

এই বিভাগের আরো খবর