রোববার   ০১ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ১৯ ১৪৩২   ১৩ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৯

নিগারের অপরাজিত ফিফটিতে নেদারল্যান্ডসকে ৭ উইকেটে হারাল বাংলাদেশ

মোঃ মাহাবুবুর রহমান রাব্বি

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২৬  

আগেই টি-টুয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করে ফেলা বাংলাদেশ নারী দল আজ নেপালের আপার মুলপানিতে বাছাইয়ের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে। প্রথমে ব্যাট করে নেদারল্যান্ডস ২০ ওভারে ৬ উইকেটে ১০২ রান করে। জবাবে বাংলাদেশ ২০ বল হাতে রেখে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। অধিনায়ক নিগার সুলতানা ৫০ রান করে অপরাজিত থাকেন।

 

রান তাড়ায় বাংলাদেশের শুরু ভালো হয়নি। দুই ওপেনার দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস ৬ রানের মধ্যে ফেরেন। এরপর তৃতীয় উইকেটে শারমিন আক্তারকে নিয়ে ৪২ রানের জুটি গড়েন নিগার। শারমিন ২৮ বলে ১৩ রান করে আউট হলে নিগারের সঙ্গে জুটি বাঁধেন সোবহানা মোস্তারি।

 

এ জুটিতে ৩৭ বলে ৫৭ রান যোগ হয়। নিগার ৭ চারে ৪৪ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন। আন্তর্জাতিক নারী টি-টুয়েন্টিতে এটি তাঁর দশম ফিফটি। মোস্তারি ২৩ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন (৫ চার ও ১ ছয়)। এর আগে টসে জিতে ব্যাট করতে নামা নেদারল্যান্ডসকে শুরুতেই বড় চাপে ফেলেন বোলাররা। মাত্র ২৩ রানের মধ্যে ৫ উইকেট তুলে নেন নাহিদা-রাবেয়া-মারুফারা। নাহিদা ৪ ওভারে ১ মেডেনসহ ১০ রানে ৩ উইকেট নেন।

 

নেদারল্যান্ডসকে শুরুর বিপর্যয় থেকে উদ্ধার করে রবিন রাইকে ও সানিয়া খুরানার ষষ্ঠ উইকেট জুটি। শেষ ওভারে বিচ্ছিন্ন হওয়ার আগে দুজনের জুটিতে ৭৮ রান যোগ হয়। রাইকি ৩৯ রান করে আউট হলেও খুরানা অপরাজিত থাকেন ৪৩ রানে।

 

২০২৬ আইসিসি নারী টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ ৭ ম্যাচ খেলে ৭টিতেই জিতল। নেদারল্যান্ডস জিতেছে ৫টিতে। আগামী জুনে ইংল্যান্ডে হতে যাওয়া বিশ্বকাপে বাংলাদেশ, নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ডের পাশাপাশি আরও কয়েকটি দল জায়গা নিশ্চিত করেছে।

 

সংক্ষিপ্ত স্কোর: নেদারল্যান্ডস নারী দল: ২০ ওভারে ১০২/৬ (খুরানা ৪৩*, রাইকি ৩৯; নাহিদা ৩/১০, মারুফা ১/১৪)। বাংলাদেশ নারী দল: ১৬.৪ ওভারে ১০৫/৩ (নিগার ৫০*, মোস্তারি ৩৩*; সেইগার্স ১/৯)। ফল: বাংলাদেশ নারী ক্রিকেট দল ৭ উইকেটে জয়ী। প্লেয়ার অব দ্য ম্যাচ: নাহিদা আক্তার।

এই বিভাগের আরো খবর