রোববার   ০১ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ১৯ ১৪৩২   ১৩ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৭

আন্দোলনের সময় হোয়াটসঅ্যাপে বার্তা দেওয়ায় কর কমিশনারের বেতন কমানো

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২৬  

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আন্দোলনের সময় সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেওয়ার কারণে এক অতিরিক্ত কর কমিশনারের মূল বেতন দুই ধাপ নামিয়ে দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)।

 

ওই কর্মকর্তার নাম সেহেলা সিদ্দিকা। তিনি গত বছরের মে ও জুনে আন্দোলনের সময় ঢাকার আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের অতিরিক্ত কর কমিশনারের দায়িত্ব পালন করছিলেন। পরে অবশ্য তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। দুই ধাপ বেতন কমানো হলেও সেহেলা সিদ্দিকার সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়।

 

রাজস্ব খাত সংস্কারের অংশ হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির জন্য গত বছরের ১২ মে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ জারি করা হয়। এ নিয়ে শুল্ক–কর কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া হয়। তাঁরা মতামতের ভিত্তিতে যৌক্তিকভাবে রাজস্ব খাত সংস্কারের আন্দোলন শুরু করেন।

 

প্রায় দেড় মাসজুড়ে চলে এই আন্দোলন। জুনের শেষ দিকে আন্দোলনের কারণে সারা দেশে রাজস্ব আদায় প্রায় বন্ধ হয়ে যায়। ব্যবসায়ীদের মধ্যস্থতায় আন্দোলন প্রত্যাহার করা হয়। পরে প্রায় অর্ধশতাধিক কর্মকর্তা–কর্মচারীর বিরুদ্ধে বরখাস্ত, অবসর প্রদানসহ নানা ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। সেই শাস্তির আওতায় পড়েন সেহেলা সিদ্দিকা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে এই আন্দোলন হয়। সেহেলা সিদ্দিকা ওই পরিষদের মহাসচিবের দায়িত্ব পালন করেন।

 

সেহেলা সিদ্দিকাকে নিয়ে বৃহস্পতিবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগের আদেশে বলা হয়, অধ্যাদেশ জারির পর এর বিরোধিতা করে গত বছরের ২১ মে সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে তিনটি স্ট্যাটাস দেন। সেহেলা সিদ্দিকা দায়িত্বরত কর্মচারীদের দাপ্তরিক দায়িত্ব পরিত্যাগ করে রাজস্ব ভবনে আসতে বাধ্য করতে সংগঠকের ভূমিকা পালনের মাধ্যমে দেশের রাজস্ব আহরণ কার্যক্রম বাধাগ্রস্ত করেন, যা সরকারি কর্মচারী আচরণ বিধিমালা, ১৯৭৯–এর ৩০এ বিধির সুস্পষ্ট লঙ্ঘন এবং একই বিধিমালার ৩২ বিধি অনুযায়ী অসদাচরণের শামিল।

 

পরে এ নিয়ে বিভাগীয় মামলা হয়। এতে নানা আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর সেহেলা সিদ্দিকার বিরুদ্ধে অসদাচরণ প্রমাণিত হয় বলে আইআরডির আদেশে বলা হয়। পরে তাঁকে তাঁর বর্তমান মূল বেতন ৭১ হাজার ২০০ টাকার দুই ধাপ নিচে ৬৫ হাজার ৮২০ টাকা মূল বেতনে অবনতিকরণের লঘুদণ্ড প্রদান করা হয়।

 

কী ছিল সেই দুটি হোয়াটসঅ্যাপ বার্তা অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) প্রজ্ঞাপন অনুসারে, সেহেলা সিদ্দিকা গত বছরের ২১ মে সামাজিক যোগাযোগমাধ্যমে (হোয়াটসঅ্যাপ) বিকেল ৫টা ৪৬ মিনিটে লেখেন, ‘জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর, কাস্টমস ও ভ্যাটের মাঠপর্যায়ের ঢাকার সব সহকর্মীদের আগামীকাল সকাল ৯:৩০ ঘটিকার মধ্যে এনবিআরে আগমন ও বিকাল ৫:০০টা পর্যন্ত অবস্থান করার জন্য এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কর্তৃক অনুরোধ করা হলো। এ ছাড়া ঢাকার বাইরের আয়কর, কাস্টমস ও ভ্যাটের মাঠপর্যায়ের সব সহকর্মীদের নিজ নিজ কার্যালয়ে উপস্থিত হয়ে সকাল ৯:৩০ ঘটিকা থেকে বিকেল ৫:০০ ঘটিকা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করার জন্য এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কর্তৃক অনুরোধ করা হলো।’

 

একই দিন রাত ৯টা ৪৩ মিনিটে সেহেলা সিদ্দিকা লেখেন, ‘বিশেষ ঘোষণা, আগামীকাল ২২ মে বৃহস্পতিবার ঘোষিত কর্মসূচির ক্ল্যারিফিকেশন– ১. এনবিআর ও ঢাকার সব দপ্তরের সব কর্মকর্তা–কর্মচারীর অবস্থান কর্মসূচি চলবে সকাল ৯:০০টা থেকে এনবিআরে। ২. আগামীকাল আমদানি, রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রীসেবা আওতামুক্ত থাকবে।’

 

একই দিন রাত ৯টা ৪৭ মিনিটে সেহেলা সিদ্দিকা আরও লেখেন, ‘বিকাল ৫:০০টা পর্যন্ত আমাদের কর্মসূচি বহাল থাকবে।’ এই ঘটনা রাজস্ব খাতের সংস্কার আন্দোলনের পর কর্মকর্তাদের ওপর শাস্তিমূলক ব্যবস্থার একটি উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

 

এই বিভাগের আরো খবর