বুধবার   ১৮ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৬ ১৪৩২   ০১ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৩

কক্সবাজার থেকে প্রথম পূর্ণ মন্ত্রী হলেন সালাহউদ্দিন আহমদ

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬  

স্বাধীনতার পর গত ৫৫ বছরে কক্সবাজার জেলা থেকে এর আগে কেউ পূর্ণ মন্ত্রী হওয়ার সুযোগ পাননি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত মন্ত্রিসভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে সেই ইতিহাস গড়লেন সালাহউদ্দিন আহমদ। গতকাল মঙ্গলবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ নেওয়ার পর আজ তিনি তাঁর নতুন দপ্তরে যোগ দিয়েছেন। এর আগে ২০০১ সালে তিনি যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করলেও এবারই প্রথম পূর্ণ মন্ত্রী হিসেবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি খাতের নেতৃত্ব দিচ্ছেন।

 

সালাহউদ্দিন আহমদ ১৯৬৩ সালে পেকুয়া উপজেলার সিকদারপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএলবি ও এলএলএম শেষ করে তিনি ১৯৮৮ সালে সপ্তম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হন। ১৯৯১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী একান্ত সচিব হিসেবে কাজ করার পর ১৯৯৫ সালে সরকারি চাকরি ছেড়ে সক্রিয় রাজনীতিতে যোগ দেন। ১৯৯৬ সাল থেকে এ পর্যন্ত তিনি চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

 

সালাহউদ্দিন আহমদের রাজনৈতিক জীবনের বড় একটি অংশ কেটেছে চরম সংকটে। ২০১৫ সালে নিখোঁজ হওয়ার পর দীর্ঘ ৯ বছর ভারতের মেঘালয়ের শিলংয়ে কাটান তিনি। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ১১ আগস্ট বীরের বেশে স্বদেশে ফিরে আসেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য। এবারের নির্বাচনে কক্সবাজার-১ আসন থেকে ২ লাখ ২২ হাজার ১৯ ভোট পেয়ে বিপুল ব্যবধানে বিজয়ী হয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

 

সালাহউদ্দিন আহমদ স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার খবর জেলায় পৌঁছামাত্র চকরিয়া ও পেকুয়াসহ পুরো কক্সবাজারে আনন্দের বন্যা বয়ে যায়। বিভিন্ন স্থানে ছাত্রদল ও সাধারণ মানুষ আনন্দমিছিল বের করে এবং একে অপরকে মিষ্টিমুখ করান। কক্সবাজারের বাসিন্দাদের মতে, দেশের ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সালাহউদ্দিন আহমদের মতো একজন দক্ষ ও অভিজ্ঞ মানুষের খুবই প্রয়োজন ছিল।

 

 ব্রিটিশ ও পাকিস্তান আমলে কক্সবাজার থেকে দুজন মন্ত্রী হওয়ার তথ্য পাওয়া যায়। ১৯৩৭ সালে অবিভক্ত বাংলার স্বাস্থ্যমন্ত্রী হয়েছিলেন খান বাহাদুর মৌলভি জালালুদ্দীন আহমদ এবং ১৯৫৭ সালে পাকিস্তানের কেন্দ্রীয় শ্রমমন্ত্রী হয়েছিলেন মৌলভি ফরিদ আহমদ। তবে স্বাধীন বাংলাদেশে কক্সবাজারবাসী প্রথম পূর্ণ মন্ত্রী হিসেবে সালাহউদ্দিন আহমদকেই পেলেন।

 

স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সালাহউদ্দিন আহমদের সামনে এখন পাহাড়সম চ্যালেঞ্জ। দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখা, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করা এবং পুলিশ বাহিনীকে জনবান্ধব হিসেবে গড়ে তোলাই হবে তাঁর প্রধান কাজ। কক্সবাজারবাসী আশা করছেন, নিজ জেলার এই কৃতি সন্তান কেবল দেশের আইনশৃঙ্খলা রক্ষায় নয়, বরং অবহেলিত কক্সবাজারের উন্নয়নেও অগ্রণী ভূমিকা পালন করবেন।

এই বিভাগের আরো খবর