প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৪:০৮ পিএম
অনলাইন সংস্করণ
চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করা ৪ হাজার ৩৪১ জন হাজিকে সাশ্রয় হওয়া চার কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাড়িভাড়া সাশ্রয় এবং সার্ভিস চার্জ হ্রাস পাওয়ায় বাঁচানো এই বিপুল অর্থ সরাসরি সংশ্লিষ্ট হাজিদের ব্যাংক হিসাবে পাঠিয়ে দেওয়া হবে।
রোববার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। চলতি বছর সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের অনুকূলে সৌদি পর্বের অব্যয়িত অর্থ ফেরত দেওয়া নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী জানান, হজ প্যাকেজ ও আবাসনের ধরন অনুযায়ী হাজিদের ফেরত দেওয়া অর্থের অঙ্কে ভিন্নতা থাকবে। সর্বনিম্ন ২ হাজার ৫০৫ টাকা ৪৯ পয়সা থেকে শুরু করে সর্বোচ্চ ১ লাখ ৮০ হাজার ৫৭২ টাকা ৭১ পয়সা পর্যন্ত ফেরত পাবেন সুবিধাপ্রাপ্ত হাজিরা।
ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হজ প্যাকেজ-১-এর আওতায় ‘হোটেল বুলুরা আল দুররা’র সাধারণ প্যাকেজের হাজিরা ৩৮,৬৯৭ টাকা এবং শর্ট প্যাকেজের হাজিরা ৪৬,৮৮৮ টাকা ফেরত পাবেন। এ ছাড়া এই প্যাকেজে দুই সিটের আপগ্রেডেশনের হাজিরা ১,৬৪,১৯০ টাকা এবং দুই সিটের আপগ্রেডেশনসহ শর্ট প্যাকেজের হাজিরা সর্বোচ্চ ১,৮০,৫৭২ টাকা ফেরত পাবেন। তিন সিটের আপগ্রেডেশনের হাজিরা পাবেন ১,১৮,০৭২ টাকা এবং তিন সিটের আপগ্রেডেশনসহ শর্ট প্যাকেজের হাজিরা পাবেন ১,৩১,৭৩৫ টাকা।
অন্যদিকে প্যাকেজ-২-এর আওতায় লুলুয়াত আল ভাওহীদ, রাওদাত আল শুরূক ও মানার আল শুরূক হোটেলের সাধারণ, শর্ট ও সিট আপগ্রেডেশনভেদে হাজিরা ২,৫০৫ টাকা থেকে শুরু করে ৭৮,৭১৩ টাকা পর্যন্ত ফেরত পাবেন। আর সাধারণ হজ প্যাকেজ-৩-এর আওতায় 'হোটেল নান্দার ওয়ান'-এ অবস্থানকারী প্রতিটি হাজি ৩,৭১৮ টাকা ৯ পয়সা করে ফেরত পাবেন। সরকারি ব্যবস্থাপনায় হজে গিয়ে উদ্বৃত্ত টাকা ফেরত দেওয়ার এই স্বচ্ছ পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন