প্রকাশিত: ৫৯ মিনিট আগে, ০৪:১২ পিএম
অনলাইন সংস্করণ
ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) তিন বন্দি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। তাঁরা হলেন— চাঁদপুর জেলার কচুয়া থানার কুটিয়া গ্রামের আবুল বাশার (৫৮), কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার পাদুয়ার বাজার এলাকার আব্দুল কাইয়ুম (৬২) এবং রাজধানীর মিরপুর-২ বড়বাগ এলাকার বাসিন্দা শাহাদাত হোসেন (৪৮)।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে কারাগারের ভেতরে পৃথকভাবে অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা তাঁদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। এর মধ্যে সকাল ৮টার দিকে আবুল বাশার ও সকাল সাড়ে ৯টার দিকে আব্দুল কাইয়ুমকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁদের মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, গত ২৮ আগস্ট থেকে অসুস্থ অবস্থায় ঢামেক হাসপাতালের ৫০২ নম্বর ওয়ার্ডে ভর্তি থাকা অপর বন্দি শাহাদাত হোসেন রোববার সকাল পৌনে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান মৃত্যুর বিষয়গুলো নিশ্চিত করে জানান, মৃত তিন বন্দির লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের সংশ্লিষ্ট মামলার বিবরণ পাওয়া যায়নি।
মন্তব্য করুন