প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৪:০৯ পিএম
অনলাইন সংস্করণ
দীর্ঘ নয় বছর ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গার উপস্থিতি বাংলাদেশের জন্য যেমন মারাত্মক চাপ তৈরি করছে, তেমনি এটি এখন পুরো অঞ্চলের আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, বর্তমানে কেবল সংকট ব্যবস্থাপনার মধ্যে সীমাবদ্ধ না থেকে রাখাইনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করে স্থায়ী প্রত্যাবাসনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক কৌশল পুনর্নির্ধারণ (রি-ফ্রেমিং) করা জরুরি।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিআইআইএসএস (BIISS) অডিটোরিয়ামে 'ইন্সটিটিউট ফর গ্লোবাল কো-অপারেশন ফাউন্ডেশন' আয়োজিত 'রোহিঙ্গা সংকট নিয়ে উদ্ভূত চ্যালেঞ্জ ও সমাধানের কৌশল' শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "বিশ্বের অন্যান্য নতুন সংঘাতের ভিড়ে রোহিঙ্গা ইস্যুটি যেন কোনোভাবেই ঢাকা না পড়ে বা বিশ্বমঞ্চ থেকে হারিয়ে না যায়। জাতিসংঘসহ বিশ্বের প্রভাবশালী দেশ ও মানবাধিকার সংস্থাগুলোকে এই মানবিক ও নিরাপত্তা সংকটের ওপর প্রতিনিয়ত দৃষ্টি রাখতে হবে।"
তিনি জোর দিয়ে বলেন, প্রায় ১৫ লাখ বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে পূর্ণ মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে নিজ দেশে ফিরিয়ে দেওয়াই এই সংকটের একমাত্র স্থায়ী সমাধান। এ লক্ষ্যে আন্তর্জাতিক মহলের শক্তিশালী ও অব্যাহত কূটনৈতিক সমর্থন ধরে রেখে সংকটটিকে বিশ্ব রাডারে আরও জোরালোভাবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
মন্তব্য করুন