বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৬:১৬ পিএম

অনলাইন সংস্করণ

তানজিন তিশার বিরুদ্ধে মামলার নারাজি আবেদনের নতুন তারিখ ২০ অক্টোবর

প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির অভিযোগে অভিনেত্রী তানজিন নাহার তিশার বিরুদ্ধে দায়ের করা মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দেওয়া তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে বাদীপক্ষের করা নারাজি আবেদনের ওপর পরবর্তী শুনানির জন্য আগামী ২০ অক্টোবর দিন ধার্য করেছে আদালত।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালতে বাদীপক্ষ নারাজি আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরলে বিচারক আংশিক শুনানি গ্রহণ করেন। শুনানি শেষে বিচারক অভিযোগের সমর্থনে সব সাক্ষীকে আগামী ২০ অক্টোবর আদালতে স্বশরীরে হাজির করার নির্দেশ দিয়ে শুনানির তারিখ পুনর্নির্ধারণ করেন। বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১০ মে পিবিআই মামলাটির চূড়ান্ত তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে আনীত প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৩ ডিসেম্বর একটি বিশেষ অনুষ্ঠানে পরার জন্য ফ্যাশন ডিজাইনার আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরীর কাছ থেকে ৭৫ হাজার টাকা মূল্যের একটি শাড়ি সাবেক ড্রাইভারের মাধ্যমে নেন তানজিন তিশা। অনুষ্ঠান শেষে পরদিনই শাড়িটি ফেরত দেওয়ার কথা থাকলেও তা না দেওয়া এবং ফেরত চাওয়ায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে গুলশান থানায় জিডি ও পরবর্তীতে মামলা দায়ের করেন সানায়া।

তবে পিবিআই তদন্তে দুই পক্ষের মেসেঞ্জার কথোপকথন পর্যালোচনা করে জানতে পারে, তিশা বিষয়টি অবগত হওয়ার পর ডাকযোগে শাড়িটি ফেরত পাঠিয়েছিলেন। ফলে এতে প্রতারণা বা হুমকির উপাদান পাওয়া যায়নি বলে জানায় পিবিআই। অন্যদিকে, বাদীপক্ষের দাবি— হুমকির অডিও রেকর্ডসহ পর্যাপ্ত প্রমাণাদি দাখিল করা হলেও পিবিআই প্রতিবেদনে তা সঠিকভাবে আনা হয়নি। যার প্রেক্ষিতে আদালতের কাছে পিবিআইয়ের প্রতিবেদন না মেনে নারাজি আবেদন জমা দেওয়া হয়েছে।

মন্তব্য করুন