প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ০৪:২২ পিএম
অনলাইন সংস্করণ
ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সহিষ্ণুতা বজায় রেখে দেশের সার্বিক অগ্রগতিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে কোনো কোনো অশুভ গোষ্ঠী অপতথ্য ও গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে উল্লেখ করে দেশবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবায়েতদের মধ্যে সম্মানী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
ঐক্যের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, "বাংলাদেশে বসবাসকারী জনগণের মাঝে কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়; আমরা পরিচয়গতভাবে সবাই বাংলাদেশি।" তিনি আরও বলেন, "জনগণের গণতান্ত্রিক সব অধিকার কেড়ে নিয়ে কংসের মতো এক নিষ্ঠুর শাসক এতদিন জনগণের কাঁধে চেপে বসেছিল। তবে হাজারো বীর শহীদের রক্তের বিনিময়ে দেশের জাগ্রত জনগণ সেই ফ্যাসিস্ট শাসনের পতন ঘটিয়েছে।"
অনুষ্ঠানে সমাজবিরোধী অপশক্তি যেন নতুন করে কোনোভাবেই মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার পরামর্শ দেওয়া হয়। একইসঙ্গে সারা দেশের প্রবীণ ও বিশিষ্ট সেবায়েতদের সম্মান জানানোর অংশ হিসেবে ৯ জন সেবায়েত ও পুরোহিতের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মানীর অর্থ তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় সারা দেশের আরও ৬৪ জন সেবায়েত ও পুরোহিতকে একই সম্মানী প্রদান করা হয়।
এর আগে সকালে কোনো বিশেষ প্রটোকল না নিয়ে কেবল সাধারণ নিরাপত্তারক্ষী ও ব্যক্তিগত প্রেস উইং সদস্যদের সঙ্গে নিয়ে সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। হেঁটে যাওয়ার সময় রাস্তার পথচারীরা তাঁকে হাত নেড়ে শুভেচ্ছা জানালে তিনিও হাত নেড়ে তাদের জবাব দেন।
মন্তব্য করুন