প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০৪:৪০ পিএম
অনলাইন সংস্করণ
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহার করে দক্ষিণী ও হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শালিনী পান্ডের একটি ভুয়া ও আপত্তিকর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এই ঘটনাকে 'মানসিক নির্যাতন' আখ্যা দিয়ে ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন ‘অর্জুন রেড্ডি’খ্যাত এই অভিনেত্রী।
২০১৭ সালে বিজয় দেবেরাকোন্ডার বিপরীতে ‘অর্জুন রেড্ডি’ সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হওয়া শালিনী পরবর্তীতে ‘মহানতি’, ‘১১৮’, ‘১০০% ভালোবাসা’, ‘জয়েশভাই জোরদার’ ও ‘মহারাজ’ সহ একাধিক সফল সিনেমায় অভিনয় করে পরিচিতি লাভ করেন। সম্প্রতি তাঁর চেহারার আদল ব্যবহার করে ডিপফেক প্রযুক্তির মাধ্যমে তৈরি একটি আপত্তিকর ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে।
বিষয়টি নজরে আসার পর ইনস্টাগ্রামে কড়া বিবৃতি দিয়ে শালিনী জানান, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি অপব্যবহার করে সম্পূর্ণ বিকৃতভাবে ভিডিওটি তৈরি করা হয়েছে এবং এতে বাস্তবিক অর্থে তাঁর কোনো উপস্থিতি নেই। প্রযুক্তির অনৈতিক প্রয়োগ ঘটিয়ে নারীদের নিশানা বানানো এবং মানহানি করার এই প্রবণতাকে অত্যন্ত বিরক্তিকর ও উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি।
ভিডিওটি আর ফরোয়ার্ড বা শেয়ার না করার অনুরোধ জানিয়ে শালিনী বলেন, "কেউ ভিডিওটি দেখে থাকলে দয়া করে সেটি শেয়ার, ফরোয়ার্ড বা ডাউনলোড করবেন না। বরং ভিডিওটি যেখানেই দেখবেন, সঙ্গে সঙ্গে রিপোর্ট করুন।"
সামাজিক ও অনলাইন সুরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, ডিপফেক ও এআই প্রযুক্তির এমন অপব্যবহার ব্যক্তিস্বাধীনতা, সম্মতি ও সামাজিক নিরাপত্তার ওপর মারাত্মক হুমকি সৃষ্টি করছে, যার বিরুদ্ধে কঠোর আইনি ও প্রযুক্তিগত প্রতিরোধ গড়ে তোলা জরুরি।
মন্তব্য করুন