বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৫:৪৮ পিএম

অনলাইন সংস্করণ

৮ কোটি ৮০ লাখ ঘণ্টা দেখার রেকর্ড! নেটফ্লিক্সে ঝড় তুলেছে ‘আওয়ার স্টিকি লাভ’

মুক্তির পরপরই চরম বিতর্ক ও প্রচারণায় বাধার সম্মুখীন হয়েছিল কোরীয় রোমান্টিক-কমেডি ও ক্রাইম-থ্রিলার সিরিজ ‘আওয়ার স্টিকি লাভ’। তবে সব বিতর্ক আর বাধা তুচ্ছ করে দর্শকদের উপচে পড়া চাপে বিশ্বজুড়ে নেটফ্লিক্সের নন-ইংলিশ টিভি সিরিজের তালিকায় এক নম্বর স্থানে উঠে এসেছে ১২ পর্বের এই আলোচিত ড্রামাটি।

গত ৭ আগস্ট মুক্তির পরপরই সিরিজটির অন্যতম প্রধান অভিনেত্রী হা ইয়ংয়ের প্রপিতামহের ১৯১৬ সালের জাপানি ঔপনিবেশিক শাসনের সময়কার ভূমিকা নিয়ে দক্ষিণ কোরিয়ায় ব্যাপক সমালোচনা শুরু হয়। ঐতিহাসিক তথ্য অনুসন্ধানে তাঁর পূর্বপুরুষের জাপানি একীভূতকরণপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত থাকার প্রমাণ মিললে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়। এতে অভিনেত্রীর বেশ কয়েকটি প্রচারণামূলক সাক্ষাৎকার ও গোলটেবিল বৈঠক বাতিল করা হয়, ফলে থমকে যায় সিরিজের আনুষ্ঠানিক প্রচারণা।

তবে প্রচারণায় ধাক্কা খেলেও দর্শকমহলে এর জনপ্রিয়তায় কোনো প্রভাব পড়েনি। উল্টো আন্তর্জাতিক স্তরে জনপ্রিয় তারকা জুং হে-ইনের অভিনয় আর রোমান্স, স্মৃতিভ্রম, নোয়ার থ্রিলার এবং বক্সিং ট্রেইনারের রহস্যময় অতীতের দারুণ মিশ্রণ দর্শকদের বুঁদ করে রেখেছে।

নেটফ্লিক্সের ১০ থেকে ১৬ আগস্টের সাপ্তাহিক পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বজুড়ে সিরিজটি ৭৫ লাখ ভিউ পেয়েছে এবং দেখা হয়েছে মোট ৮ কোটি ৮০ লাখ ঘণ্টা। আগের সপ্তাহে পাঁচ নম্বরে থাকলেও মাত্র এক সপ্তাহের ব্যবধানে চার ধাপ এগিয়ে সরাসরি শীর্ষে চলে আসে এটি। দক্ষিণ কোরিয়া, ব্রাজিল, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরসহ মোট ২৬টি দেশে সিরিজটি বর্তমানে এক নম্বরে রাজত্ব করছে এবং সব মিলিয়ে ৬৮টি দেশের নেটফ্লিক্স 'টপ ১০' তালিকায় জায়গা করে নিয়েছে।

স্মৃতিশক্তি হারানো এক উচ্চাকাঙ্ক্ষী নারী প্রসেকিউটর গো উন-সে এবং নিজেকে তাঁর প্রেমিক দাবি করা সাবেক বক্সার জ্যাং তে-হার রহস্যঘেরা ভালোবাসার গল্প দিয়ে সাজানো ‘আওয়ার স্টিকি লাভ’ বর্তমানে বাংলাদেশেও নেটফ্লিক্সের টপ চার্টে শীর্ষ পছন্দের তালিকায় রয়েছে।

মন্তব্য করুন