বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০৫:১৬ পিএম

অনলাইন সংস্করণ

জোড়া লাগল পুরনো প্রেম, আকাশে নতুন করে মন দিলেন খুশি কাপুর

বলিউডের কিংবদন্তি অভিনেত্রী প্রয়াত শ্রীদেবীর ছোট কন্যা খুশি কাপুরের ব্যক্তিগত জীবন নিয়ে ফের সরগরম বলিপাড়া। অভিনেতা বেদাঙ্গ রায়নার সঙ্গে প্রায় দুই বছরের প্রেমের সম্পর্কের অবসান ঘটিয়ে এবার নিজের সাবেক প্রেমিক আকাশ মেহতার সঙ্গে আবার সম্পর্ক জোড়া লাগিয়েছেন তিনি— এমনটাই দাবি করছে বলিপাড়ার একাধিক সূত্র।

চলতি বছরের শুরুর দিকেই বেদাঙ্গ রায়নার সঙ্গে বিচ্ছেদ ঘটে খুশির, যা তাঁর জন্য বেশ অপ্রত্যাশিত ও কঠিন ছিল। বিচ্ছেদের পরই অবশ্য সহ-অভিনেত্রী শর্বরী ওয়াগের সঙ্গে বেদাঙ্গের নতুন প্রেমের গুঞ্জন ছড়ায়। গণমাধ্যম সূত্রের খবর অনুযায়ী, বেদাঙ্গের সঙ্গে সম্পর্কের তিক্ত অভিজ্ঞতা থেকে ঘুরে দাঁড়াতে কিছুদিন সময় লেগেছে খুশির। তবে এখন তিনি আবার স্বাভাবিক জীবনে ফিরেছেন এবং শৈশবের বন্ধু ও সাবেক প্রেমিক আকাশ মেহতার সান্নিধ্যে বেশ ভালো আছেন। এমনকি ভবিষ্যতে আর কোনো পেশাদার অভিনেতার সঙ্গে প্রণয়ে না জড়ানোর নীতিগত সিদ্ধান্তও নিয়েছেন এই তারকা-কন্যা।

খুশি ও আকাশের নতুন করে সম্পর্কে জড়ানোর বিষয়টি আরও জোরালো হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। জাহ্নবী কাপুর, অনন্যা পান্ডে, অর্জুন কাপুর, অংশুলা কাপুর, শানায়া কাপুর ও ওরির মতো পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা ইনস্টাগ্রামে ইতিমধ্যে আকাশকে অনুসরণ শুরু করেছেন।

সম্পর্ক নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি স্পষ্ট করে এক সাক্ষাৎকারে খুশি জানিয়েছিলেন, "আজকাল সম্পর্কের সমীকরণ বেশ জটিল হয়ে গেছে। তবে আমি খুব স্পষ্টবাদী। কাউাক ভালো লাগলে পুরোপুরি আবেগে জড়িয়ে পড়ি।"

কাজের জায়গায় খুশি কাপুরকে খুব শিগগিরই শ্রীদেবী অভিনীত ২০১৭ সালের জনপ্রিয় সিনেমা ‘মম’-এর সিক্যুয়েলে দেখা যাবে, যেখানে তাঁর পাশাপাশি অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করছেন কারিশমা তান্না। অন্যদিকে বেদাঙ্গ রায়নাকে দেখা গিয়েছিল ‘ম্যায় ওয়াপস আউঙ্গা’ সিনেমায়।

মন্তব্য করুন