প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৪:২১ পিএম
অনলাইন সংস্করণ
বাংলাদেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থাকে সরাসরি শিল্পের চাহিদানুগ করতে চীনের সফল অভিজ্ঞতা ও মডেল কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সভাকক্ষে তাঁর সাম্প্রতিক চীন সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য নিশ্চিত করেন।
শিক্ষামন্ত্রী বলেন, "বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ। আমাদের ক্রমবর্ধমান বিশাল জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করাই এখন বর্তমান সরকারের মূল লক্ষ্য। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী এবার শিক্ষা বাজেটে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। চীনের শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে যে গভীর সংযোগ রয়েছে, একই কাঠামোর ইকোসিস্টেম বাংলাদেশেও গড়ে তোলা হবে।"
ড. মিলন জানান, বিশ্বজুড়ে চীনা কোম্পানিগুলোর কাজের পরিধি বাড়ছে এবং তাদের প্রচুর দক্ষ জনবলের প্রয়োজন। প্রশিক্ষণ ও কারিকুলাম উন্নত করার পাশাপাশি শিক্ষার্থীরা যাতে এসব চীনা কোম্পানিতে ব্যবহারিক শিক্ষা ও ইন্টার্নশিপের সুযোগ পায়, সেই বিষয়ে দেশটির সঙ্গে প্রাথমিক আলোচনা সফল হয়েছে। কারিগরি শিক্ষায় নির্দিষ্ট দেশের চাহিদানুযায়ী ভাষা শেখানোর বিষয়েও জোর দেওয়া হবে বলে তিনি জানান।
তিনি আরও উল্লেখ করেন, দেশে বিদ্যমান পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুলগুলোর অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি কারিকুলাম সময়োপযোগী করা, ল্যাব শক্তিশালী করা এবং শিক্ষক প্রশিক্ষণের ঘাটতিগুলো চিহ্নিত করে সমাধানের কাজ শুরু হয়েছে।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন