তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৩:২৯ পিএম

অনলাইন সংস্করণ

গণতান্ত্রিক সরকারের প্রত্যাশা পূরণে সমন্বিত উদ্যোগের তাগিদ প্রতিমন্ত্রী টুকু’র

গণতান্ত্রিক সরকারের প্রতি জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও নাগরিক সমাজকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, "আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ এবং একটি সুস্থ সমাজ গঠনে সব পক্ষের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি।"

সোমবার (৩১ আগস্ট) ঢাকা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাদককে দেশের অন্যতম প্রধান সামাজিক সংকট উল্লেখ করে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, "মাদকের বিস্তারের সঙ্গে সঙ্গে সমাজে নানা ধরনের অপরাধও বৃদ্ধি পাচ্ছে। তাই মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর আইনি পদক্ষেপের পাশাপাশি ব্যাপক জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।"

কিশোর গ্যাংয়ের মতো উদীয়মান অপরাধের বিস্তার রোধে সংশ্লিষ্ট সকলকে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়ে তিনি আরও বলেন, "বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে কিশোর গ্যাংয়ের যে বিস্তার ঘটেছিল, তার নেতিবাচক প্রভাব এখনো সমাজের বিভিন্ন স্তরে দৃশ্যমান। তরুণ সমাজকে অপরাধমূলক কাজ থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন ও সমাজকে সম্মিলিতভাবে ভূমিকা রাখতে হবে।"

উপস্থিত সরকারি কর্মকর্তাদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, "জনগণের কল্যাণ ও সুশাসন নিশ্চিত করাই প্রশাসনের মূল দায়িত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমানের 'বাংলাদেশ ফার্স্ট' দর্শন হৃদয়ে ধারণ করে সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তবেই সরকারের প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় হবে।"

পাশাপাশি পরিবেশ সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে প্রতিমন্ত্রী নদী দূষণ প্রতিরোধ, শিল্পবর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণ এবং নগর পরিবেশের ভারসাম্য রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। টেকসই উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষা করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল হওয়ার তাগিদ দেন তিনি।

মন্তব্য করুন