প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৩:৪৩ পিএম
অনলাইন সংস্করণ
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপের নেতৃত্বাধীন এক উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস, সাম্প্রতিক গণতান্ত্রিক রূপান্তর, সংসদীয় কূটনীতি এবং আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে বাংলাদেশের সক্রিয় ভূমিকা নিয়ে বিস্তৃত আলোচনা অনুষ্ঠিত হয়।
সোমবার (৩১ আগস্ট) জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে গুরুত্বপূর্ণ এই দ্বিপক্ষীয় বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, "বাংলাদেশের সাধারণ মানুষ চিরকালই গণতন্ত্রকামী। নিজেদের অধিকার রক্ষা এবং সুশাসন প্রতিষ্ঠায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে প্রতিটি রাজনৈতিক আন্দোলনে তারা আত্মত্যাগ করতে পিছপা হননি। এ দেশের জনগণ কখনোই কোনো স্বৈরাচারী শাসনকে মেনে নেয়নি।" সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে মুক্ত ও নিরপেক্ষ উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সংসদ দেশের মানুষের গণতান্ত্রিক আশা-আকাঙ্ক্ষার প্রকৃত প্রতিফলন ঘটিয়ে কাজ করে যাচ্ছে।
আইপিইউ মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপ বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক ধারাবাহিকতার ভূয়সী প্রশংসা করে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমে এ দেশের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। তিনি মন্তব্য করেন, প্রয়োজনীয় গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমেই ভবিষ্যৎ প্রজন্মের কাছে জবাবদিহিতা ও দায়বদ্ধতা নিশ্চিত করা সম্ভব। একটি শক্তিশালী ও কার্যকর সংসদীয় ব্যবস্থার মধ্য দিয়েই সাধারণ মানুষের গভীর আস্থা ফিরিয়ে আনা সম্ভব বলে আশাবাদ প্রকাশ করেন তিনি।
বৈঠকে জাতিসংঘের সাধারণ পরিষদসহ বিভিন্ন অঙ্গসংগঠনে বাংলাদেশের ইতিবাচক অবদান, আন্তর্জাতিক সমুদ্রসীমা সংক্রান্ত বিরোধের সফল নিষ্পত্তি এবং আন্তর্জাতিক অঙ্গনে সংসদীয় কূটনীতির গুরুত্ব নিয়ে উভয়পক্ষ ফলপ্রসূ মতামত বিনিময় করেন।
এ সময় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, আইপিইউ প্রতিনিধিদলের সদস্য এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন