প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৪:৩৪ পিএম
অনলাইন সংস্করণ
সারাদেশে মারাত্মক ছোঁয়াচে রোগ হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে নতুন করে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এর মাধ্যমে গত ১৫ মার্চ থেকে ৩১ আগস্ট পর্যন্ত সাড়ে পাঁচ মাসে নিশ্চিত হাম এবং হামের লক্ষণ বা উপসর্গে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৭৩ জনে।
সোমবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৬২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। গত ১৫ মার্চ থেকে ৩১ আগস্ট পর্যন্ত সারাদেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৭ হাজার ৯৯১ জনে। এর মধ্যে ল্যাব টেস্টে নিশ্চিত হওয়া হাম রোগীর সংখ্যা মোট ১৯ হাজার ৩১২ জন, যার মধ্যে গত ২৪ ঘণ্টাতেই শনাক্ত হয়েছেন ৯৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত সাড়ে পাঁচ মাসে সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে সারাদেশে মোট ১ লাখ ৩৮ হাজার ৪৪৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ১ লাখ ৩৩ হাজার ৪০০ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
বিজ্ঞপ্তিতে মৃত্যুর সুনির্দিষ্ট পরিসংখ্যানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় যে ৬ জনের মৃত্যু হয়েছে তাঁরা সবাই সন্দেহজনক হামে আক্রান্ত ছিলেন। এতে করে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৮৭৪ শিশুর মৃত্যু হলো। অন্যদিকে, একই সময়ে নিশ্চিত হামের কারণে মৃত্যু হয়েছে ৯৯ জনের। সব মিলিয়ে নিশ্চিত ও সন্দেহজনক হামে মোট মৃত্যু হয়েছে ৯৭৩ জনের।
মন্তব্য করুন