তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৩:৩৩ পিএম

অনলাইন সংস্করণ

শিশু আছিয়া হত্যায় হিটু শেখের ফাঁসি বহাল রাখলেন হাইকোর্ট

মাগুরার আট বছরের শিশু আছিয়াকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার দায়ে নিম্ন আদালতের দেওয়া আসামি হিটু শেখের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন হাইকোর্ট।

সোমবার (৩১ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এই চূড়ান্ত রায় ঘোষণা করেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৫ সালের ৬ মার্চ বোনের বাড়িতে বেড়াতে গিয়ে শিশু আছিয়া তার বোনের শ্বশুর মো. হিটু শেখ কর্তৃক পৈশাচিক নির্যাতন ও ধর্ষণের শিকার হয়। গুরুতর শারীরিক আঘাত নিয়ে প্রথমে তাকে মাগুরা সদর হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে অবস্থার আশঙ্কাজনক অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সবশেষ ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ লড়াই শেষে চিকিৎসাধীন অবস্থায় একই বছরের ১৩ মার্চ মারা যায় অবোধ শিশু আছিয়া।

ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসামি হিটু শেখকে গ্রেফতার করে। তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ ও দ্রুত তদন্ত শেষে ২০২৫ সালের ১৩ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। বিচার প্রক্রিয়া শেষে ২০২৫ সালের ১৭ মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম. জাহিদ হাসান মূল আসামি মো. হিটু শেখকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন এবং অপর তিন আসামিকে বেকসুর খালাস দেন।

পরবর্তী আইনি নিয়ম অনুযায়ী নিম্ন আদালত থেকে প্রেরিত ডেথ রেফারেন্স ও আসামির আপিলের শুনানি শেষে সোমবার হাইকোর্ট এই মৃত্যুদণ্ডের রায় বহাল রাখার সিদ্ধান্ত দেন।

মন্তব্য করুন