প্রকাশিত: ৩৩ মিনিট আগে, ০৫:৩৬ পিএম
অনলাইন সংস্করণ
ব্যক্তিগত জীবন ও সম্পর্ক নিয়ে সব সময়ই সংবাদের শিরোনামে থাকেন বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী মালাইকা আরোরা। অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে দীর্ঘদিনের প্রেম ও লিভ-ইন সম্পর্কের ইতি টানার পর এবার মালাইকার নাম জড়াল হীরা ব্যবসায়ী হর্ষ মেহতার সঙ্গে। সম্প্রতি মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয় তাঁদের একসঙ্গে নৈশভোজ করতে দেখে সামাজিক মাধ্যমে তাঁদের নতুন প্রেমের গুঞ্জন তীব্র রূপ নিয়েছে।
বলিউড বাবলের প্রতিবেদন অনুযায়ী, গত ২৯ আগস্ট রাতে মুম্বাইয়ের বান্দ্রার একটি জনপ্রিয় রেস্তোরাঁ থেকে একসঙ্গে বের হতে দেখা যায় মালাইকা ও হর্ষকে। সেখানে আগে থেকেই প্রস্তুত থাকা পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দি হন এই জুটি। এরপর থেকেই বি টাউন ও সামাজিক মাধ্যমে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
হর্ষ মেহতার সঙ্গে মালাইকার সম্পর্কের গুঞ্জন অবশ্য এটাই প্রথম নয়। এর আগে গত বছর একটি কনসার্টে দুজনকে একসঙ্গে দেখার পর থেকে আলোচনা শুরু হয়। পরবর্তীতে ইতালির রোমে একসঙ্গে ছুটি কাটানো, 'স্প্লিটসভিলা'খ্যাত সৌরভ বেদির পার্টি এবং মালাইকার পরিবার আয়োজিত ঐতিহ্যবাহী ওনাম উৎসবেও হর্ষের উপস্থিতি সেই গুঞ্জনকে আরও জোরালো করে।
বয়সে মালাইকার চেয়ে ১৯ বছরের ছোট হর্ষ মেহতা। সব ঘটনা ও ছবি পর্যবেক্ষণ করে নেটিজেনদের একাংশের দাবি—তাঁরা একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। তবে এই প্রেমের গুঞ্জন নিয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি মালাইকা।
উল্লেখ্য, ১৯৯৮ সালে অভিনেতা আরবাজ খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন মালাইকা আরোরা। ২০১৭ সালে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের আনুষ্ঠানিক বিচ্ছেদ ঘটে তাঁদের। তাঁদের আরহান খান নামে এক পুত্রসন্তান রয়েছে। আরবাজের সঙ্গে বিচ্ছেদের পর অর্জুন কাপুরের সঙ্গে দীর্ঘ সম্পর্কে থাকলেও শেষ পর্যন্ত সেই পথচলাও থেমে যায়।
মন্তব্য করুন