তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৭:০০ পিএম

অনলাইন সংস্করণ

স্বামীকে খুন করে ৯৯৯-এ স্ত্রীর ফোন

রাজধানীর সবুজবাগে স্বামীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে আত্মসমর্পণ করেছেন এক নারী। এ ঘটনায় রেহেনা আক্তার নামে ওই নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সবুজবাগ থানাধীন নন্দীপাড়া বড় মসজিদ এলাকা থেকে ৯৯৯ নম্বরে ফোন করে আত্মসমর্পণের কথা জানান তিনি। নিহত ব্যক্তির নাম মাহফুজুর রহমান (৪০)।

পুলিশ জানায়, ৯৯৯ নম্বরে ফোন করে রেহেনা আক্তার জানান, আগের রাতে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে ঘুম পাড়ানোর পর ইট দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করেছেন। কলটি পাওয়ার পর ৯৯৯-এর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে সবুজবাগ থানাকে বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, পারিবারিক কলহ এবং স্বামীর অন্য নারীর সঙ্গে পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে ক্ষুব্ধ ছিলেন রেহেনা। এ কারণেই তিনি স্বামীকে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় রেহেনা আক্তারকে গ্রেফতার করেছে সবুজবাগ থানা পুলিশ। হত্যাকাণ্ডের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন