তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০৪:২৯ পিএম

অনলাইন সংস্করণ

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে আইজিপির সাক্ষাৎ, হয়রানি ও মিথ্যা মামলা বন্ধে কড়া নির্দেশ

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পুলিশ বাহিনীকে সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে বিচারবহির্ভূত হত্যা, সাধারণ জনগণকে হয়রানি এবং মিথ্যা মামলা দায়ের সম্পূর্ণ বন্ধ করতে কার্যকর পদক্ষেপ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বঙ্গভবনে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব নির্দেশনা দেন।

সাক্ষাৎকালে দেশের সার্বিক আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ বাহিনীকে জরুরি ভিত্তিতে যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন রাষ্ট্রপতি। তিনি বলেন, অপতথ্য, মিথ্যা তথ্য ও গুজব প্রচারের মতো সাইবার অপরাধের পাশাপাশি ছিনতাই, চাঁদাবাজি ও মাদকের বিস্তার দমনে পুলিশকে আরও কঠোর হতে হবে। বিশেষ করে নারী ও শিশুর নিরাপত্তা বিধানে কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়ে এ সংক্রান্ত বিষয়ে জনগণকে নিয়মিত অবহিত রাখা ও ব্যাপক প্রচারণার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

রাষ্ট্রপতি উল্লেখ করেন, বর্তমান সরকার মানুষের মৌলিক মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখতে অঙ্গীকারবদ্ধ। ফলে পুলিশের কোনো কার্যক্রমে যেন সাধারণ মানুষের মানবাধিকার ক্ষুণ্ণ না হয়, সেদিকে বিশেষ নজর দিতে হবে।

সাক্ষাৎকালে আইজিপি মো. আলী হোসেন ফকির বাহিনীর সাম্প্রতিক মনোবল পুনর্গঠন, আধুনিকায়ন ও ডিজিটালাইজেশনে গৃহীত বিভিন্ন রূপরেখা রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি পুলিশ বাহিনীকে সার্বিক সহায়তার আশ্বাস দেন। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন