তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৪:০২ পিএম

অনলাইন সংস্করণ

কাগজের ব্যবহার কমাতে ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে ই-পার্লামেন্ট সিস্টেম চালুর সিদ্ধান্ত

জাতীয় সংসদের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও আধুনিক করার লক্ষ্যে পেপারবিহীন প্রযুক্তিনির্ভর ‘ই-পার্লামেন্ট’ সিস্টেম বাস্তবায়নের ঐতিহাসিক উদ্যোগ নেওয়া হয়েছে। এই ব্যবস্থা চালু হলে সংসদের প্রশাসনিক খরচ ও কাগজের ব্যবহার যেমন কমবে, তেমনি বৃদ্ধি পাবে নথিপত্র ব্যবস্থাপনার দক্ষতা ও সমন্বয়।

রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেন ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির সভাপতি ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি। সাক্ষাৎকালে কমিটির সদস্য নায়াব ইউসুফ আহমেদ ও এ বি এম মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন। বৈঠককালে সংসদীয় কার্যক্রমকে ডিজিটালাইজেশনের আওতায় আনতে ই-পার্লামেন্ট সিস্টেম চালুর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

আলোচনা শেষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে চেয়ারম্যান করে একটি বিশেষ কমিটি গঠনের নির্দেশনা দেন। এই কমিটি প্রস্তাবিত ই-পার্লামেন্টের অবকাঠামোগত ও প্রযুক্তিগত সক্ষমতা এবং বাস্তবায়ন প্রক্রিয়া পর্যালোচনা করবে। এ ছাড়া চলতি সেপ্টেম্বর মাসের শেষের দিকে নতুন এই সিস্টেমের কার্যপদ্ধতি সম্পর্কিত একটি বিস্তারিত প্রেজেন্টেশন উপস্থাপনের জন্যও স্পিকার নির্দেশ প্রদান করেছেন।

প্রস্তাবিত ই-পার্লামেন্ট সিস্টেমে বাংলা ও ইংরেজি—দুই ভাষারই পৃথক সংস্করণ থাকবে। এর মাধ্যমে সংসদের যাবতীয় নথি ব্যবস্থাপনা, তথ্য সংরক্ষণ এবং তথ্য আদান-প্রদান আরও সহজ ও দ্রুত করা সম্ভব হবে। সরকার এই প্রকল্পটিকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করছে।

এদিকে প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নের জন্য কারিগরি সাহায্য পেতে জাতিসংঘের উন্নয়ন সংস্থা (ইউএনডিপি), আন্তর্জাতিক দাতা দেশ ও বিভিন্ন দাতা সংস্থার সঙ্গে যোগাযোগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী প্রকল্পের পরবর্তী ধাপে তাদের সরাসরি সহযোগিতা গ্রহণ করা হবে। পেপারবিহীন ও প্রযুক্তিনির্ভর আধুনিক সংসদ গঠনে এটি একটি অত্যন্ত যুগোপযোগী পদক্ষেপ বলে মনে করছেন সংসদ বিশেষজ্ঞরা।

 

মন্তব্য করুন