প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ১২:১৭ পিএম
অনলাইন সংস্করণ
রাজধানীর গুলশান থানায় দায়ের করা ফ্ল্যাট বিক্রির নামে অর্থ আত্মসাতের প্রতারণা মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তন স্ত্রী বিদিশা সিদ্দিককে জামিন দিয়েছেন হাইকোর্ট।
রবিবার (৬ সেপ্টেম্বর) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এই জামিন আদেশ দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. মাসুদ মিয়া।
এর আগে গত ২ সেপ্টেম্বর ঢাকার মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবির তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেছিলেন। তারও আগে, ২৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে বিদিশাকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ।
মামলার বিবরণী থেকে জানা যায়, বারিধারায় ফ্ল্যাট কেনার ইচ্ছুক মোশাররফ হোসেন নামের এক ব্যবসায়ীকে ২০০১ সালের জুলাই মাসে প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট দেখিয়ে ৮০ লাখ টাকায় বিক্রির চুক্তি করেন বিদিশা সিদ্দিক। চুক্তি অনুযায়ী মোশাররফ হোসেন বিদিশার মনোনীত প্রতিনিধি আব্দুল রাজ্জাকের নামে ৭৫ লাখ টাকার পে-অর্ডার পরিশোধ করেন। রাজউক থেকে অনুমোদন নিয়ে রেজিস্ট্রি করে দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও বিদিশা ফ্ল্যাট বুঝিয়ে দিতে ব্যর্থ হন। পরে চাপ সৃষ্টি করা হলে বিদিশা ২০০৫ সালে ৭২ লাখ টাকার একটি চেক প্রদান করলেও তা সংশ্লিষ্ট ব্যাংকে পর্যাপ্ত টাকা না থাকায় প্রত্যাখ্যাত হয়। পরবর্তীতে ২০০৮ সালে এই প্রতারণার অভিযোগে গুলশান থানায় মামলা দায়ের করা হলে আদালত বিদিশাকে দুই বছরের কারাদণ্ড প্রদান করেন।
মন্তব্য করুন