প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ১১:৪১ এ এম
অনলাইন সংস্করণ
ঢাকা জেলার সাভার মডেল থানাধীন আমিনবাজারের বড়দেশী এলাকায় অটোরিকশা চালকদের সঙ্গে গাড়ি পার্কিং নিয়ে তর্কের জেরে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপ-পরিদর্শক (এসআই) মো. আলতাফ হোসেনকে (বিপি-৬৮৮৬০৫০৬০০) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের ছেলে মো. আরিফ গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সাভারের বড়দেশী গ্রামের মদিনাসিটি সংলগ্ন এলাকায় এই বর্বর হামলার ঘটনা ঘটে। রোববার (৬ সেপ্টেম্বর) সকালে সাভার মডেল থানার অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সন্তান এসআই আলতাফ হোসেন ডিএমপিতে কর্মরত ছিলেন এবং পরিবারসহ বড়দেশী এলাকায় ভাড়া বাসায় থাকতেন। একই এলাকায় তাঁর মালিকানাধীন পাঁচ শতক জায়গার ওপর একটি ক্ষুদ্র ট্রাউজার ও গেঞ্জি তৈরির গার্মেন্টস কারখানা রয়েছে। শনিবার রাতে কারখানার সামনে মালামাল বহনকারী একটি অটোরিকশা পার্কিং করা নিয়ে এক চালকের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে রাত ১১টার দিকে অটোরিকশা চালক ১৫ থেকে ২০ জনের সংঘবদ্ধ দল নিয়ে এসে এসআই আলতাফের কারখানায় ভাঙচুর ও লুটপাট শুরু করে। এ সময় আলতাফ হোসেন ও তাঁর ছেলে বাধা দিতে গেলে হামলাকারীরা তাঁদের ওপর লাঠিসোঁটা নিয়ে অতর্কিত আক্রমণ চালায় এবং এলোপাতাড়ি পেটাতে থাকে।
গুরুতর আহত অবস্থায় প্রতিবেশীরা তাঁদের উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত ছেলে আরিফ বর্তমানে একই হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
ঘটনার খবর পেয়ে সাভার মডেল থানা ও ট্যানারি পুলিশ ফাঁড়ির যৌথ টিম ভোর সাড়ে ৪টার দিকে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জহুরুল ইসলাম (৩০) নামের এক যুবককে আটক করেছে। সাভার মডেল থানার অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, আটক আসামি বর্তমানে থানা হেফাজতে রয়েছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া ও মামলা রুজু করার কার্যক্রম চলমান রয়েছে।
মন্তব্য করুন