তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ৫৮ মিনিট আগে, ১০:০০ এ এম

অনলাইন সংস্করণ

দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আজ নিজ জেলা সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুই দিনের সফরের প্রথম দিন আজ রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা হবেন তিনি।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ঠাকুরগাঁও মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে রাষ্ট্রপতির হেলিকপ্টার অবতরণ করবে। সেখান থেকে তিনি সরাসরি জেলা সার্কিট হাউসে যাবেন এবং সেখানে সশস্ত্র বাহিনীর দেওয়া গার্ড অব অনার গ্রহণ করবেন। এরপর রাষ্ট্রপতি তাঁর পারিবারিক কবরস্থানে গিয়ে মা-বাবার কবর জিয়ারত ও মোনাজাতে অংশ নেবেন।

দুপুরে কালীবাড়ির নিজ বাসভবনে মধ্যাহ্নভোজ ও সংক্ষিপ্ত বিশ্রাম শেষে বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সফরের দ্বিতীয় দিন আগামীকাল সোমবার (৭ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি ঠাকুরগাঁও-পীরগঞ্জ মহাসড়কসংলগ্ন সদর উপজেলার জামালপুর এলাকায় স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়’-এর আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে নিজ বাসভবনে মধ্যাহ্নভোজ গ্রহণ করবেন এবং সংক্ষিপ্ত বিশ্রাম শেষে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে ঠাকুরগাঁও ত্যাগ করবেন।

রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে ঠাকুরগাঁও জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশের পাশাপাশি কঠোর নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে। ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মো. বেলাল হোসেন জানান, রাষ্ট্রপতির সফর ঘিরে ৫ সেপ্টেম্বর থেকেই পূর্ণাঙ্গ ও নিচ্ছিন্দ্র নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হয়েছে। রাষ্ট্রপতির অনুষ্ঠানস্থল, যাতায়াতের সড়ক ও আশপাশের এলাকাগুলোতে সর্বোচ্চ স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

 

মন্তব্য করুন