তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ৭ ঘন্টা আগে, ০৬:০২ পিএম

অনলাইন সংস্করণ

হজের প্রাথমিক নিবন্ধনে সময় বাকি আর ২০ দিন; কোটা ৭৮ হাজারের, নিবন্ধিত মাত্র ২,১১৪

২০২৭ সালের প্রাক-নিবন্ধন ও প্রাথমিক প্রক্রিয়া শুরু হলেও কাঙ্ক্ষিত সাড়া পাওয়া যাচ্ছে না হজে যেতে ইচ্ছুকদের কাছ থেকে। আগামী ২৪ সেপ্টেম্বর প্রাথমিক নিবন্ধনের সময়সীমা শেষ হতে চললেও এখন পর্যন্ত মোট ৭৮ হাজার ৫০০ জন কোটার বিপরীতে মাত্র ২ হাজার ১১৪ জন আবেদনকারী প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৭৫১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ৩৬৩ জন রয়েছেন।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে নিশ্চিত করা হয়েছে, আগামী ২৪ সেপ্টেম্বরের পর আর কোনোভাবেই নিবন্ধনের সময়সীমা বাড়ানো হবে না। সৌদি সরকারের সঙ্গে কোটা ও চুক্তি বাস্তবায়নে বাধ্যবাধকতা থাকায় বাকি ২০ দিনের মধ্যেই প্রাথমিক নিবন্ধন শেষ করার তাগিদ দেওয়া হয়েছে।

হজ অধিশাখার তথ্য অনুযায়ী, সাড়ে ৩ লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হচ্ছে এবং আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্যাকেজের বাকি অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন নিশ্চিত করতে হবে। তবে সংশ্লিষ্টরা মনে করছেন, মূল প্যাকেজের দাম কিছুটা কমলেও এককালীন সাড়ে ৩ লাখ টাকা জমা দিতে হওয়ার কারণে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন। যদিও ধর্ম মন্ত্রণালয়ের আশা, শেষ সময়ে প্রাক-নিবন্ধন করে রাখা প্রায় ৬৮ হাজার ব্যক্তির সিংহভাগই প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করবেন।

এদিকে ২০২৭ সালের হজের নিবন্ধনের ক্ষেত্রে স্বাস্থ্য ও বয়সের ক্ষেত্রে বেশ কিছু কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নতুন নির্দেশিকা অনুযায়ী, ১৫ বছরের কম বয়সি কোনো শিশু কিংবা কিশোর হজে যেতে পারবে না। এ ছাড়া হৃদরোগ, ফুসফুস, লিভার বা কিডনি রোগে আক্রান্ত ব্যক্তি, গুরুতর স্নায়ুবিক ব্যাধি, ডিমেনশিয়া এবং ক্যানসারের জন্য কেমোথেরাপি বা রেডিওথেরাপি নেওয়া ব্যক্তিরা হজে যাওয়ার অনুমতি পাবেন না। পাশাপাশি গর্ভবতী নারীদের ক্ষেত্রে গর্ভাবস্থার শেষ দুই মাস এবং জটিল গর্ভাবস্থায় ফিটনেস সনদ দেওয়া হবে না।

আবেদনকারীরা সরকারি ই-হজ পোর্টাল (hajj.gov.bd), জেলা মডেল মসজিদ, ইউনিয়ন ডিজিটাল সেন্টার কিংবা অনুমোদিত হজ এজেন্সির মাধ্যমে নির্ধারিত ব্যাংকে টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। নিবন্ধনের জন্য আবেদনকারীর পাসপোর্টের মেয়াদ অন্তত ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত থাকতে হবে।

মন্তব্য করুন