প্রকাশিত: ৭ ঘন্টা আগে, ০৫:২৮ পিএম
অনলাইন সংস্করণ
বলিউডের রেষারেষি বা পেশাগত প্রতিযোগিতা একসময় সীমাবদ্ধ ছিল বড় পর্দার অভিনয়, পরিচালনা কিংবা বক্স অফিসের ব্যবসায়। কিন্তু প্রযুক্তির যুগে এসে বদলে গেছে সেই চিত্র। রূপালী পর্দার ঝলমলে আলোর পেছনে এখন চলছে কোটি কোটি রুপির এক অদৃশ্য অনলাইন যুদ্ধ। প্রতিদ্বন্দ্বী তারকা কিংবা সিনেমার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে ভাড়া করা হচ্ছে সংগঠিত 'পেইড ট্রোল বাহিনী', ব্যবহার করা হচ্ছে ভুয়া অ্যাকাউন্ট এবং চালানো হচ্ছে কৃত্রিম নেতিবাচক প্রচারণা।
ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম 'দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস'-এর এক বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে বলিউডের এই অন্ধকার জগতের ভয়াবহ চিত্র। প্রতিবেদনে জানানো হয়, তারকাদের ইতিবাচক ভাবমূর্তি বজায় রাখতে কাজ করা অনলাইন রেপুটেশন ম্যানেজমেন্ট (ORM) এজেন্সিগুলোর একটি বড় অংশ এখন নেতিবাচক পিআর, গুজব ছড়ানো ও সমন্বিত আক্রমণ পরিচালনায় জড়িয়ে পড়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ট্রোলিংয়ের জন্য এখন ব্যবহৃত হচ্ছে ‘পেইড মাস রিপোর্টিং’। অর্থাৎ শত শত বোট বা ভুয়া অ্যাকাউন্ট থেকে একই সময়ে কোনো তারকার অ্যাকাউন্ট বা পোস্টের বিরুদ্ধে রিপোর্ট করে সেটি ব্লক বা সীমিত করে দেওয়া হয়। সম্প্রতি অভিনেতা অংশুমান ঝা এমন পরিকল্পিত আক্রমণের শিকার হয়েছেন। একইভাবে অভিনেত্রী প্রিয়াঙ্কা বোস ইনবক্সে অকথ্য হয়রানির কথা তুলে ধরেছেন। এছাড়া কার্তিক আরিয়ান ও অভিষেক বচ্চনকে ঘিরেও বিভিন্ন সময়ে অনলাইনে কৃত্রিম বিতর্ক তৈরির চেষ্টা চালানো হয়েছে।
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম বিতর্কিত ও নেতিবাচক কনটেন্ট দ্রুত ছড়িয়ে দেয়। ফলে কোনো ভুয়া তথ্য ছড়ানোর কয়েক ঘণ্টার মধ্যেই লাখো মানুষের কাছে তা পৌঁছে যায় এবং সত্য সামনে আসার আগেই একটি নেতিবাচক ধারণা প্রতিষ্ঠিত হয়ে যায়।
শুধু সিনেমা বা অভিনেতাই নন, কৃত্রিম এই ট্রোলিংয়ের শিকার হচ্ছে বড় বড় ব্র্যান্ডের বিজ্ঞাপনও। যেমন সম্প্রতি কৃতি শ্যাননের একটি রাখিবন্ধনের বিজ্ঞাপন ব্যাপক পরিকল্পিত আক্রমণের মুখে প্রত্যাহার করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। স্বল্প পরিসরের কোনো ট্রোলিংয়ের ক্ষেত্রে কয়েক হাজার থেকে লাখ রুপি খরচ হলেও, একটি বড় সিনেমা বা দীর্ঘমেয়াদি কোনো তারকাকে কোণঠাসা করতে কোটি কোটি রুপির বাজেটে এই অদৃশ্য প্রচারণা চালানো হচ্ছে। এর ফলে তারকারা চরম মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন এবং দর্শকের প্রকৃত রুচি ঢাকা পড়ে যাচ্ছে কৃত্রিমভাবে তৈরি করা জনমতের আড়ালে।
মন্তব্য করুন