তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ৬ ঘন্টা আগে, ০৭:০০ পিএম

অনলাইন সংস্করণ

উত্তরায় পৃথক দুইটি আবাসিক হোটেল থেকে দুই চীনা নাগরিকের লাশ উদ্ধার

রাজধানীর উত্তরা এলাকার পৃথক দুটি আবাসিক হোটেল থেকে জাও (৩২) নামের একজনসহ মোট দুজন চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে হোটেল কর্তৃপক্ষ ও হাসপাতালের খবরে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে খবর পেয়ে উত্তরা ৩ নম্বর সেক্টরের 'হোটেল মুনসুন' থেকে জাও নামের এক চাইনিজ নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়। গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) অন্য আরও তিনজন চীনা নাগরিকের সঙ্গে ওই হোটেলে উঠেছিলেন জাও। সকালে হোটেলের একটি কক্ষে তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখে কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্যদিকে, উত্তরার ‘হোটেল মেরিনো’-তে অবস্থানরত অপর এক চীনা নাগরিকের শারীরিক অবনতি হলে তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করলে হাসপাতাল থেকে ওই নাগরিকের মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে সঙ্গে কোনো পাসপোর্ট না থাকা এবং একা অবস্থানের কারণে তাঁর তাৎক্ষণিক নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, প্রাথমিক আলামত ও জাও-এর পাশের কক্ষে থাকা অন্য তিন চীনা নাগরিকের দেওয়া তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, তিনি অতিরিক্ত মদ্যপানের কারণে মারা গেছেন। নিহতের মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল এবং তাঁর শরীরে মদের তীব্র গন্ধ পাওয়া যায়। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ছাড়া দ্বিতীয় চীনা নাগরিকের নাম-পরিচয় উদ্ধার ও মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশ বিস্তারিত তদন্ত চালিয়ে যাচ্ছে।

মন্তব্য করুন