তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ৬ ঘন্টা আগে, ০৬:৫৪ পিএম

অনলাইন সংস্করণ

রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক চাপ প্রয়োগের আহ্বান শামা ওবায়েদের

দীর্ঘায়িত রোহিঙ্গা সংকট নিরসনে আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে (ইউএনজিএ) প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একটি বিশেষ সেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, বহুপক্ষীয় উদ্যোগ ছাড়া এই আঞ্চলিক জট খোলা সম্ভব নয়।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ‘সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি’ আয়োজিত ‘আসন্ন জাতিসংঘ সম্মেলন ও বাংলাদেশ ব্র্যান্ডিং’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়ানমার পরিস্থিতির জটিলতা তুলে ধরে শামা ওবায়েদ বলেন, "সীমান্তের ওপারে মিয়ানমার সরকার ও আরাকান আর্মিসহ বিভিন্ন ভূ-রাজনৈতিক অংশীদারদের স্বার্থ জড়িত রয়েছে। ফলে আঞ্চলিক এই জটিলতার সমাধানে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা ছাড়া আর কোনো বিকল্প নেই।" সমস্যা ঘনীভূত হওয়া ঠেকাতে প্রবাসী বাংলাদেশিদেরও নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

প্রবাসী শ্রমিকদের অবদানের কথা স্মরণ করে প্রতিমন্ত্রী ঘোষণা দেন, ২০২৭ সালের মধ্যে অন্তত দুই লাখ 'প্রবাসী কার্ড' বিতরণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। একইসঙ্গে ভূমধ্যসাগর ও লিবিয়া হয়ে দালাল চক্রের মাধ্যমে বাংলাদেশিদের অবৈধভাবে বিদেশ যাত্রার ভয়াবহ পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, "পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় গত ৩-৪ মাস ধরে যৌথভাবে দালাল চক্রের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে। অবৈধ পথ ও ভুয়া কাগজপত্র রোধে প্রধানমন্ত্রী নিজে তদারকি করছেন।" সরকার ভোকেশনাল ট্রেনিংয়ের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় দক্ষ নারী ও পুরুষ কর্মী বিদেশে পাঠাতে অগ্রাধিকার দিচ্ছে।

এ ছাড়া দেশের জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎসের সন্ধানে আফ্রিকার বিভিন্ন দেশের সঙ্গে সরকারের ইতিবাচক কূটনৈতিক যোগাযোগের কথাও তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনেরা আসন্ন জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশকে ইতিবাচকভাবে ব্র্যান্ডিং করার জন্য স্ব-স্ব অভিজ্ঞতা ও নতুন আইডিয়া তুলে ধরেন।

মন্তব্য করুন