প্রকাশিত: ৭ ঘন্টা আগে, ০৫:২৩ পিএম
অনলাইন সংস্করণ
সারা দেশে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে প্রাণঘাতী ব্যাধি হামের সংক্রমণ ও উপসর্গজনিত মৃত্যু। গত ২৪ ঘণ্টায় দেশে হাম এবং এর উপসর্গে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এর মাধ্যমে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে প্রায় এক হাজারের কোঠায় পৌঁছেছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত দৈনিক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছেন ৯১৭ জন। একই সময়ে প্রাণ হারিয়েছেন চারজন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরে সারা দেশে নিশ্চিত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৯৯১ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে ১০০ জন এবং হামের বিভিন্ন উপসর্গ নিয়ে মারা গেছেন ৮৯১ জন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গত একদিনে নতুন করে ৮৪৩ জন সন্দেহভাজন হামের রোগী শনাক্ত হয়েছেন। এর ফলে এ পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬৩ হাজার ১০৫ জনে।
অধিদপ্তরের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১ লাখ ৪৩ হাজার ২১৪ জন রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। চিকিৎসাসেবা গ্রহণ করে তাঁদের মধ্যে ইতোমধ্যে ১ লাখ ৩৭ হাজার ৯২১ জন সুস্থ হয়ে নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন।
মন্তব্য করুন