প্রকাশিত: ৩৯ মিনিট আগে, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ
রাজধানীর ধানমন্ডিতে দিনে-দুপুরে অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা ডাকাতির চাঞ্চল্যকর ঘটনায় একটি আন্তঃজেলা ডাকাত দলের নয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজন সাবেক সেনাসদস্য রয়েছেন, যাঁদের কেউ কেউ অতীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নেও (র্যাব) কর্মরত ছিলেন।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলো— তানভীর আবেদীন জুই (৪১), মো. মজিবুর রহমান (৬০), মো. জাকির হোসেন ওরফে ক্যাপ্টেন জাকির (৬০), মো. সোলায়মান মৃধা (৫৫), মোহাম্মদ কবির হোসেন (৫০), আবুল কালাম আজাদ (৫০), মো. জাকারিয়া হোসেন ওরফে লেলিন (৪০) ও সজল চৌধুরী (৩১)।
ডিএমপি জানিয়েছে, গত ৩০ আগস্ট দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটে ধানমন্ডি মডেল থানাধীন ১২/এ নম্বর সড়কে 'ডিঙ্গী রেস্টুরেন্ট'-এর সামনের পাকা রাস্তায় মো. খোরশেদ আলম (৫০) নামে এক ব্যক্তির গতিরোধ করে ৮-১০ জনের একটি সশস্ত্র দল। তারা অস্ত্রের মুখে তাঁর কাছে থাকা ৩৮ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয় জনতা ও ডিউটিরত পুলিশের সহায়তায় তানভীর আবেদীন ও মজিবুর রহমানকে ৪ রাউন্ড গুলিসহ একটি দেশীয় তৈরি রিভলবারসহ হাতেনাতে আটক করা হয়।
পরবর্তীতে গ্রেপ্তার মজিবুর রহমানের দেওয়া তথ্যে দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে মূল পরিকল্পনাকারী জাকির হোসেন ওরফে ‘ক্যাপ্টেন জাকির’কে গ্রেপ্তার করা হয়। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন স্থান থেকে গ্যাংয়ের আরও পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযানে গ্রেপ্তার জাকারিয়া হোসেনের কাছ থেকে ৩ লাখ ৪৫ হাজার ৩৫০ টাকা এবং সজল চৌধুরীর কাছ থেকে ২ লাখ ৩০ হাজার টাকাসহ মোট ৫ লাখ ৭৫ হাজার ৩৫০ টাকা উদ্ধার করা হয়েছে।
যুগ্ম পুলিশ কমিশনার ফারুক হোসেন জানান, চক্রের পলাতক অন্য সদস্যদের গ্রেপ্তার ও লুণ্ঠিত বাকি অর্থ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় ধানমন্ডি মডেল থানায় একটি ডাকাতি মামলা এবং একটি অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন