তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৫:২২ পিএম

অনলাইন সংস্করণ

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকায়: সংসদে অর্থমন্ত্রী

রাষ্ট্র-মালিকানাধীন ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৪৭ হাজার ৭৭৬ কোটি ৩৬ লাখ টাকায়। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীমের এক লিখিত প্রশ্নোত্তরে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে আজ সংসদ অধিবেশন পরিচালিত হয়।

সংসদে অর্থমন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী, গত ৩০ জুন ২০২৬ তারিখের হিসাব ভিত্তিতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর খেলাপি ঋণের বিস্তারিত তালিকা প্রকাশ করা হয়। রাষ্ট্র-মালিকানাধীন ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে, যার পরিমাণ ৭৫ হাজার ৩৯৬ কোটি ৬৭ লাখ টাকা।

অন্যান্য সরকারি ব্যাংকের মধ্যে অগ্রণী ব্যাংক পিএলসির খেলাপি ঋণ ২৯ হাজার ২৯ কোটি ৬৭ লাখ টাকা, রূপালী ব্যাংক পিএলসির ১৯ হাজার ২৮১ কোটি ৭৪ লাখ টাকা, সোনালী ব্যাংক পিএলসির ১৫ হাজার ৪৮ কোটি ৩৯ লাখ টাকা, বেসিক ব্যাংক পিএলসির ৮ হাজার ১৩১ কোটি ৯ লাখ টাকা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসির (বিডিবিএল) খেলাপি ঋণের পরিমাণ ৮৮৮ কোটি ৭৯ লাখ টাকা।

খেলাপি ঋণের এই চড়া অঙ্ক দেশের ব্যাংকিং খাতের সার্বিক শৃঙ্খলার ওপর মারাত্মক চাপ সৃষ্টি করছে বলে মনে করছেন অর্থনীতিবিদ ও সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা।

 

মন্তব্য করুন