প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৫:১৪ পিএম
অনলাইন সংস্করণ
বিচার বিভাগের বিচারকদের মতো ভবিষ্যতে দেশের শিক্ষকদের জন্যও স্বতন্ত্র পে-স্কেল বা পৃথক বেতন কাঠামো চালুর পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
রোববার (৬ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত প্রথম স্টিয়ারিং কমিটির সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। সভায় প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন, শিক্ষা সচিব আবদুল খালেক এবং সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী জানান, দীর্ঘ ১১ বছর পর দেশে নতুন পে-স্কেল হতে যাচ্ছে, তবে প্রস্তাবিত কাঠামোতে মূল্যস্ফীতির সঙ্গে প্রত্যাশিত মাত্রায় সমন্বয় করা সম্ভব হয়নি। বিষয়টি মন্ত্রিসভার বৈঠকেও আলোচনা হয়েছে এবং প্রধানমন্ত্রীও বিষয়টি উপলব্ধি করেছেন। এ পরিস্থিতি বিবেচনায় সরকার আগামী দিনে শিক্ষকদের জন্য বিচার বিভাগের আদলে পৃথক পে-স্কেলের চিন্তাভাবনা করছে। তবে অল্প সময়ের মধ্যে এত বড় সিদ্ধান্ত নেওয়া সহজ নয় জানিয়ে তিনি বলেন, সরকার ধীরে ধীরে সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাবে।
শিক্ষকদের দীর্ঘদিনের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের সমস্যা প্রসঙ্গে মন্ত্রী বলেন, শিক্ষকদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ইতোমধ্যে যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে। ২০২৬ সালের ৮ আগস্ট পর্যন্ত ২০২১ সাল থেকে শিক্ষকদের বকেয়া নিজস্ব কন্ট্রিবিউশনের অংশ তুলে দেওয়া হয়েছে। আর সরকারের বাকি অংশ সমন্বয়ের মাধ্যমে দ্রুত পরিশোধের ব্যবস্থা করা হচ্ছে। আগামী বাজেটগুলোতে বরাদ্দ পাওয়া গেলে এসব সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মন্তব্য করুন